বুফনের চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন

জিয়ানলুইজি বুফনসাফল্যের রেকর্ডের দিকে চোখে রেখে রিয়াল মাদ্রিদকেই ফেভারিট মানছেন জিয়ানলুইজি বুফন। তবে জুভেন্টাসকে পিছিয়ে রাখছেন না একেবারেই। শিরোপা জিততে যে ইতালিয়ান ক্লাবটিও জানে, সে কথাও মনে করিয়ে দিলেন এই গোলরক্ষক।

বিশ্বকাপ শিরোপা আছে তার নামের পাশে, অথচ চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি কখনও! বুফন আক্ষেপে পুড়তেই পারেন। সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষকের সামনে সুযোগ এসেছে বেশ কয়েকবার, তবে ফাইনালের চৌকাঠ পেরোনো হয়নি। গত মৌসুমেই যেমন শিরোপা হাতছাড়া হয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেই দলের বিপক্ষে এবারের মৌসুমে জুভেন্টাসের দেখা হয়ে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে।

মঙ্গলবার শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে রিয়ালকে আতিথ্য দেবে জুভেন্টাস। ওই ম্যাচের আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’য় সাক্ষাৎকার দিয়েছেন বুফন। সেখানে কোয়ার্টার ফাইনালের ফেভারিট প্রসঙ্গে ইতালিয়ান অধিনায়ক বলেছেন, ‘জুভেন্টাসের চেয়ে রিয়াল মাদ্রিদ ভালো দল। এটা আমার মুখের কথা নয়, ইতিহাসই সাক্ষী দিচ্ছে তাদের সম্মান ও শিরোপা সংখ্যায়।’

চ্যাম্পিয়নস লিগের শিরোপার ঘর ফাঁকা থাকায় আক্ষেপ আছে বুফনের। গতবার কাছে গিয়েও ফিরতে হয়েছিল খালি হাতে। স্বপ্নটা আবার দেখছেন তিনি, ‘চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাটা এখন আমার স্বপ্ন, যেটা অর্জন করা ভীষণ কঠিন। আমরা রিয়ালের বিপক্ষে লড়াই করতে পারি, কিন্তু ওরা মাঠে ওদের ইতিহাস ও গত কয়েক মৌসুমের দাপট দেখিয়ে চলে, যা আসলে বিশেষ ও অন্যরকম।’

রিয়ালকে এগিয়ে রাখলেও জুভেন্টাসের সামর্থ্যের কথা মনে করিয়ে দিতেও ভুল হয়নি এই গোলরক্ষকের, ‘কোনও দলই আসলে অপ্রতিরোধ্য নয়। ওদের হারানো কঠিন। রিয়াল মাদ্রিদ হয়তো ফেভারিট, তবে লড়াইটা ফিফটি-ফিফটি। জুভেন্টাসও গ্রেট দল, যারা জানে কীভাবে শিরোপা জিততে হয়।’ মার্কা