এ বছর সাফ ফুটবল, বঙ্গবন্ধু কাপ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। এর মধ্যে আগামী সেপ্টেম্বরে সাফ ফুটবল হবে ঢাকায়। ঘরের মাঠে দক্ষিণ এশিয়ার সেরা টুর্নামেন্টে কঠিন পরীক্ষাই দিতে হবে লাল-সবুজের দলকে।
সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে আবারও বিদেশি কোচের দ্বারস্থ হতে পারে বাফুফে। এরই মধ্যে জাতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন ১২ জন বিদেশি। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘আগামী ১০ এপ্রিল ন্যাশনাল টিমস কমিটির সভায় জাতীয় দলের কোচ নিয়ে আলোচনা হবে। আমরা বেশ কয়েকজন বিদেশি কোচের সিভি পেয়েছি। আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলবো, তারপর চূড়ান্ত হবে কোচ।’