হ্যাটট্রিক নয়, দলের জয়ই সাবিনার কাছে বড়

সাবিনা খাতুনভারতীয় মহিলা ফুটবল লিগে সাবিনা খাতুনের দারুণ পারফরম্যান্স। চার ম্যাচে চারটি গোল করেছেন তিনি। আজ তার জোড়া গোলেই পিছিয়ে পড়েও সেথু এফসি হারিয়ে দিয়েছে ইন্ডিয়া রাশ সকার ক্লাবকে। দল তার পারফরম্যান্সে খুশি, দলকে  তৃতীয় জয় উপহার দিতে পেরে বাংলাদেশের অধিনায়কও খুশি।

একাধিক সুযোগ নষ্ট করায় সাবিনা হ্যাটট্রিক করতে পারেননি। তবে এ নিয়ে তার মনে কোনও খেদ নেই। বাংলা ট্রিবিউনকে এই স্ট্রাইকার বলেছেন, ‘সব পাস থেকে তো গোল হবে না। আজ দুটির বেশি গোল পাইনি। হ্যাটট্রিক করতে পারলে খুব ভালো লাগতো। তবে দল জিতেছে, আর আমি তাতেই খুশি।’

আজ জোড়া গোল করে দলকে জেতানোর পর কোচ আর সতীর্থরা তাকে অভিনন্দন জানিয়েছেন। সবার ভালোবাসায় সাবিনা অভিভূত, ‘আজ জোড়া গোল করার পর সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে, কোচ আমাকে বাহবা দিয়েছেন। দেশের বাইরে কোনও ক্লাবের হয়ে ভালো পারফর্ম করে নিজের কাছেই অন্যরকম লাগছে।’

সেথু এফসির আর দুই ম্যাচ বাকি। এবার হ্যাটট্রিক হবে তো? সাবিনার জবাব, ‘আমি নিজের জন্য খেলি না, দলের জন্য খেলি। দল জিতলেই আমি খুশি। তবে গোল পেলে কার না ভালো লাগে! সামনের দুই ম্যাচে আশা করি জিততে পারবো, গোল করতে পারবো। হ্যাটট্রিক হবে কিনা তা অবশ্য বলতে পারছি না।’