আগামী চার বছরের জন্য সাফের নির্বাহী কমিটি গঠন করা হবে এই নির্বাচনের মাধ্যমে। তবে আগে থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নির্বাচিত বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে।
এর পাশাপাশি এই কংগ্রেসকে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক হওয়ার প্রচারণা হিসেবে দেখছে একাধিক দেশ। কাতার বিশ্বকাপের পরের আসরটির আয়োজক হতে একাধিক দেশ বেশ জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিতভাবে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা আয়োজন করতে চায়। তাদের প্রতিদ্বন্দ্বী আফ্রিকার মরক্কোও আছে। এই দেশগুলোর প্রতিনিধিরা সাফের কংগ্রেস শেষে তাদের আয়োজন নিয়ে যার যার অবস্থান তুলে ধরবেন। এরই মধ্যে এসে গেছেন কয়েকটি দেশের প্রতিনিধিরা, বুধবার সকালে আসবেন আরও কয়েকজন।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাফের কংগ্রেস ও নির্বাচন হবে বুধবার। পাশাপাশি ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজনে চার দেশের প্রতিনিধিরা ঢাকায় এসেছেন। তারা আমাদের সামনে উপস্থাপনা করবেন। ভোটের বিষয় আছে এখানে। সাফের কংগ্রেস ও নির্বাচনে নতুন নির্বাহী কমিটিও চূড়ান্ত হবে।’