আগের রাতে বার্সেলোনা খেলতে নেমেছিল রোমার মাঠে। ন্যু ক্যাম্পের প্রথম লেগ ৪-১ গোলে জেতায় রোমের ম্যাচটি কাতালানদের জন্য ছিল ‘আনুষ্ঠানিকতার’। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতালিয়ান ক্লাবটি ৩-০ ব্যবধানে জিতে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে উঠে যায় সেমিফাইনালে। বুধবার বার্সেলোনার মতো অঘটনের শিকার হতে যাচ্ছিল রিয়াল মাদ্রিদও। তবে পেনাল্টি গোল বাঁচিয়ে দিয়েছে তাদের। একেবারে শেষ মুহূর্তের গোলে সেমিফাইনাল নিশ্চিতের পর দলটির ফুলব্যাক মার্সেলো বার্সেলোনার সঙ্গে তাদের পার্থক্যটা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন এই বলে, ‘আমরা বার্সা নই, রিয়াল মাদ্রিদ।’
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পাওয়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন ক্রিস্তিয়ানো রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুর ফিরতি লেগ জুভেন্টাস ৩-১ গোলে জিতলেও তাই ৪-৩ অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল। অনেক নাটক শেষে চ্যাম্পিয়নস লিগের শেষ চার নিশ্চিত করার পর মার্সেলো বলেছেন, ‘বার্সেলোনার সঙ্গে যা হয়েছে, তা আমাদের সঙ্গে হয়নি কারণ আমরা রিয়াল মাদ্রিদ। (চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে) আমরা সম্ভাব্য সবকিছু করেছি।’
বক্সের ভেতর লুকাস ভাসকেস ফাউলের শিকার হলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। এই পেনাল্টি নিয়ে বিতর্কের জন্ম হলেও মার্সেলোর মতে, রেফারি সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। ব্রাজিলিয়ান লেফটব্যাক বলেছেন, ‘এটা পরিষ্কার পেনাল্টি ছিল।’ মার্কা