গত জুনে রোমা থেকে লিভারপুলে এসে প্রথম বছরেই দুর্দান্ত সালাহ। সব ধরনের প্রতিযোগিতায় ৩৯ গোল করেছেন এবং লিগে ২৯টি। দুই বা তার বেশি গোল করেছেন ৭ ম্যাচে। ওয়াটফোর্ডের জালেই তো বল পাঠালেন চারবার। তাছাড়া গত মার্চের সেরা লিগ খেলোয়াড় হয়ে রেকর্ড গড়েছেন সালাহ। প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের শীর্ষ ঘরোয়া ফুটবলের এক মৌসুমে তিনবার মাসের সেরা হলেন তিনি।
২০১৮ সালের সেরা হওয়ার দৌড়ে সালাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন ডি ব্রুইন। সব ধরনের প্রতিযোগিতায় ১১ গোল করেছেন ম্যানসিটির বেলজিয়ান তারকা, অ্যাসিস্ট ২০টি। সিটিজেনদের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় এই মিডফিল্ডার।
প্রিমিয়ার লিগে দুইবারের বর্তমান গোল্ডেন বুট জয়ী কেন গতবারের মতো এবারও সংক্ষিপ্ত তালিকায়। তিনটি হ্যাটট্রিক করেছেন এই মৌসুমে। লিগে তার গোল ২৪টি, আর সব মিলিয়ে ৩১ গোল।
সংক্ষিপ্ত তালিকায় আছেন ডি ব্রুইনের সতীর্থ ডেভিড সিলভা ও লেরয় শেন। ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে গেয়াও আছেন ফাইনালিস্ট হিসেবে।
গত মৌসুমে এই পুরস্কার জেতেন চেলসির এন’গোলো কাঁতে। এই এপ্রিলের শেষ দিকে ঘোষণা করা হবে নতুন বিজয়ীর নাম। গোল ডটকম