ফরাশগঞ্জের পয়েন্ট কেটে আবাহনীকে দিলো বাফুফে

আবাহনী ও ফরাশগঞ্জের সেই ম্যাচপ্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ ফুটবল। তবে শুরু হতে না হতেই ভজঘট লেগেছে।

গত বৃহস্পতিবার আবাহনী ও ফরাশগঞ্জ মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে পুরানো ঢাকার দলটি জিতেছিল ১-০ গোলে। কিন্তু আবাহনীর অভিযোগের প্রেক্ষিতে শনিবার তাদের ঝুলিতে তিন পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

এছাড়া ফরাশগঞ্জের পয়েন্ট কাটার পাশাপাশি অভিযুক্ত খেলোয়াড়কে লিগ থেকে বহিষ্কার করা হয়েছে।

আবাহনীর বিপক্ষে ফরাশগঞ্জের সেই খেলোয়াড় অঙ্কন রায় হিসেবে খেলেছেন। অথচ তৃতীয় বিভাগ লিগে তার নিবন্ধন আছে সবুজ রায় হিসেবে। এছাড়া জন্ম সনদেও বিভ্রান্তি পাওয়া গেছে। ওই ম্যাচের পরই আবাহনীর লিখিত অভিযোগের ভিত্তিতে বাফুফের সংশ্লিষ্ট কমিটি সভায় বসে এর সত্যতা পেয়ে ওই খেলোয়াড়কে বহিষ্কার ও পয়েন্ট কাটার সিদ্ধান্ত নিয়েছে।