ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি রিয়াল-বায়ার্ন

ফাইনালে ওঠার প্রস্তুতিতে বায়ার্ন মিউনিখ২-১ গোলে জিতে এসেছে রিয়াল মাদ্রিদ, ফিরতি লেগ আবার সান্তিয়াগো বার্নাব্যুতে। দুটো বিষয় সামনে আনলে ফাইনালে যাওয়ার পথে পরিষ্কার ফেভারিট মাদ্রিদের ক্লাবটিই। তবে প্রতিপক্ষের নাম যখন বায়ার্ন মিউনিখ, তখন মঙ্গলবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই।

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াইটি তাই ছড়াচ্ছে উত্তেজনার রেণু। তা যতই আলিয়েঞ্জ অ্যারেনা থেকে ২-১ জিতে ফিরুক না কেন রিয়াল। কারণ কোয়ার্টার ফাইনালে সান্তিয়াগো বার্নাব্যুর ফল অন্যরকম ইঙ্গিতই দিচ্ছে মাদ্রিদের ক্লাবটিকে। ঘরের মাঠেও জিনেদিন জিদানের দল জুভেন্টাসের বিপক্ষে হেরেছিল ৩-১ গোলে। শেষ মুহূর্তের পেনাল্টিতে ৪-৩ গোলের অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল।

বায়ার্নও ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করতে চায় ফিরতি লেগে। ঘরের মাঠের হারকে পেছনে ফেলে নতুন করে জ্বলে ওঠার স্বপ্ন জার্মান ক্লাবটির। গত বছরের কোয়ার্টার ফাইনাল চাইলে সামনে আনতে পারে তারা। অন্তত নির্ধারিত ৯০ মিনিটের স্মৃতি তাদের অনুপ্রাণিতই করবে। এই রিয়ালের বিপক্ষেই তো শেষ আটে মুখোমুখি হয়েছিল তারা, সেবারও আলিয়েঞ্জ অ্যারেনায় প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল ব্যাভারিয়ানরা। ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে শেষ করেছিল নির্ধারিত ৯০ মিনিট। কিন্তু অতিরিক্ত সময় গড়ানো ম্যাচে আর পারেনি, হার মানতে হয়েছিল ৪-২ গোলে।

সেই প্রতিশোধের মঞ্চ এবার পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা সেমিফাইনালে। যদিও প্রথম লেগে কাজে লাগাতে পারেনি সুযোগ। কিমিচের গোলে এগিয়ে গিয়েও মার্সেলো ও মার্কো আসেনসিওর লক্ষ্যভেদে হার নিয়ে ছাড়তে হয়েছে মাঠ। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে ত্রিমুকুট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশন বায়ার্নের।

অনুশীলনে ক্রিস্তিয়ানো রোনালদোরিয়ালের জন্য বেঁচে আছে এই একটিমাত্র শিরোপা। লিগ ও কাপের শিরোপা ইতিমধ্যে ঘরে তুলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগটা শেষ স্বপ্ন হয়ে টিকে আছে তাদের, যে কোনও মূল্যে তারা জিততে চায় ইউরোপিয়ান প্রতিযোগিতাটির টানা তৃতীয় শিরোপা। স্বপ্নে পথ সচল রাখতে লেহানেসের বিপক্ষে লিগের আগের ম্যাচে দলের সেরা অস্ত্র ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছিলেন জিদান।

বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস ফিরতি লেগে পাচ্ছেন না আরিয়েন রবেনকে। ডাচ উইঙ্গার প্রথম লেগে মাত্র অষ্টম মিনিটেই ছেড়েছিলেন মাঠ। চোটের কারণে মাদ্রিদে আসতে পারেননি তিনি। রবেনের জায়গায় উইঙ্গার হিসেবে থোমাস ম্যুলারকেই হয়তো দেখা যাবে। প্রথম লেগ মিস করা ডেভিড আলাবা অবশ্য ফিরছেন বার্নাব্যুতে। গোল ডটকম