‘লিভারপুল বিশ্বের যে কোনও দলকে হারিয়ে দিতে পারে’

লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানেচ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে লিভারপুল। মাদ্রিদের ক্লাবটি টানা দুই শিরোপা জিতে এবার আছে হ্যাটট্রিকের পথে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুর্দান্ত এই রিয়ালকে সমীহ করছেন লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে। যদিও একই সঙ্গে তাদের ক্ষমতার কথাও জানিয়ে রাখলেন তিনি।

বায়ার্ন মিউনিখকে হারিয়ে পাঁচ বছরের মধ্যে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল। আর রোমাকে টপকে ১১ বছর পর ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জয়ের মঞ্চে লিভারপুল। বুধবার রাতে ইতালিয়ান রাজধানীর ক্লাবের বিপক্ষে ৪-২ গোলে হেরেও ৭-৬ অগ্রগামিতায় অলরেডস কেটেছে কিয়েভের টিকিট। ২৬ মে’র ফাইনালে প্রতিপক্ষ রিয়ালকে নিয়ে বেশ সতর্ক মানে, তবে ‘লিভারপুল যে কোনও দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে’- মন্তব্য করে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন সেনেগাল ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগে আক্রমণ সঙ্গী মোহাম্মদ সালাহ ও রবের্তো ফিরমিনোর সঙ্গে ২৯ গোল করেছেন মানে। রোমার বিপক্ষে সেমিফাইনালের ফিরতি লেগে তার গোলেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। ফর্মে থাকা এই সেনেগাল তারকা রিয়ালকে সমীহ করলেও ফাইনাল জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘রিয়ালের মুখোমুখি হলে আপনাকে তাদরে নিয়ে ভাবতেই হবে, তারা বিশ্বের অন্যতম সেরা দল। তবে আমরা লিভারপুল এবং আমরা বিশ্বের যে কোনও দলকে হারিয়ে দিতে পারি। নিজেদের সেরা কাজটা করতেই ফাইনালে যাব ও শিরোপা জিতব।’

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফর্ম করলেও ইউরোপিয়ান প্রতিযোগিতার সামনের আসর এখনও অনিশ্চিত লিভারপুলের। প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও শঙ্কায় রয়েছে তারা। তবে চেলসির বিপক্ষে সামনের ম্যাচ জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে চ্যাম্পিয়নস লিগ। মানের নজর এখন সেদিকেই, ‘আমার মনে হয় (চ্যাম্পিয়নস লিগ) ফাইনাল নিয়ে একটু আগেভাগেই কথা বলা হচ্ছে, কারণ সামনে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে (প্রিমিয়ার লিগে)। চেলসি ও পরের সপ্তাহে ব্রাইটন- শীর্ষ চারে থাকতে ম্যাচ দুটি জেতা দরকার আমাদের।’ গোল ডটকম