আর্সেনালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে অশোভন আচরণ করায় দ্বিতীয় লেগে নিষিদ্ধ ছিলেন আর্জেন্টাইন কোচ। তিনি গ্যালারিতে বসে দেখেছেন তার দল ১-০ গোলে জিতে নিশ্চিত করেছে ফাইনাল। ইউরোপা লিগে তৃতীয় শিরোপা হাতে নেওয়ার লক্ষ্যে নামবে অ্যাতলেতিকো। এই গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাচ্ছে না ২০১২ সালের চ্যাম্পিয়নরা।
এখানেই শেষ নয়। উয়েফার আগামী মৌসুমের প্রথম দুই ম্যাচেও নিষিদ্ধ সিমিওনে। শুক্রবার এক আদেশে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা।
আগের সপ্তাহে ম্যাচ অফিসিয়ালকে অপমান করায় এ শাস্তি পেয়েছেন সিমিওনে। মার্শেইয়ের বিপক্ষে ফাইনালে ডাগ আউটের পাশাপাশি ড্রেসিং রুমেও থাকতে পারবেন না কোচ। তাকে ১০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।
আগামী সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে উয়েফার কাছে আপিল করতে পারবেন কোচ। তবে শাস্তি কমে যে ফাইনালে তার ফেরা হবে না সেটা নিশ্চিত। ইএসপিএনএফসি