কোপা আমেরিকায় খেলবে জাপান-কাতার

copaamerica-cropped_122eyhld277fk193movp3m026l২০১৯ সালের কোপা আমেরিকায় অতিথি হিসেবে খেলার সুযোগ পেয়েছে কাতার ও জাপান। এবারই প্রথম উত্তর আমেরিকা থেকে কোনও দল নেই।

দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এক বিবৃতিতে জানায়, এশিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় ১২ দলের এই প্রতিযোগিতায় জায়গা পেয়েছে অতিথি দল দুটি।

জাপান সবশেষ কোপা আমেরিকা খেলেছিল ১৯৯৯ সালে। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক কাতারের এই প্রতিযোগিতায় অভিজ্ঞতা হবে প্রথম।

ব্রাজিলিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী উত্তর আমেরিকা থেকে কয়েকটি দল অন্তর্ভুক্ত করে এই লড়াই হওয়ার কথা ছিল ১৬ দলের। তবে একই বছরে গোল্ড কাপ থাকায় কনমেবলের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

১৯৯৩ সাল থেকে মহাদেশের বাইরের দেশগুলোকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর প্রচলন শুরু হয়। তখন থেকে প্রত্যেক আসরেই উত্তর আমেরিকা থেকে কেউ না কেউ প্রতিনিধিত্ব করেছিল। বিশেষ করে মেক্সিকো প্রত্যেকবার খেলেছে।

আগামী বছরের জুন-জুলাইয়ে হবে কোপা আমেরিকার নতুন আসর। ২০১৫ সালে চিলির কাছে আয়োজকের মর্যাদা হস্তান্তর করা ব্রাজিলে হবে এই মহাদেশীয় যুদ্ধ। ইএসপিএনএফসি