লা লিগা চ্যাম্পিয়নদের জার্সিতে গ্রিয়েজমানকে দেখতে চান সুয়ারেস। অ্যাতলেতিকো মাদ্রিদের তারকাকে ন্যু ক্যাম্পে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার অপেক্ষায় আছেন তিনি।
২০২২ সাল পর্যন্ত অ্যাতলেতিকোর সঙ্গে ফরাসি ফরোয়ার্ডের চুক্তি থাকলেও তাকে বার্সেলোনায় দেখতে আশাবাদী সুয়ারেস, ‘দেম্বেলে ও কৌতিনিয়োর পর আন্তোয়ানের মতো দারুণ খেলোয়াড়কে আনতে পারা হবে ক্লাবের জন্য গর্বের। গত কয়েক বছর ধরে সে ফর্মের শীর্ষে থেকে পারফরম্যান্স করছে। অ্যাতলেতিকোর আক্রমণভাগের নেতা সে এবং এটা গুরুত্বপূর্ণ।’
সব ধরনের প্রতিযোগিতায় এবার ২৭ গোল করেছেন গ্রিয়েজমান। এবার শিরোপা তাকে হাতছানি দিচ্ছে ইউরোপা লিগের ফাইনালে, যেখানে প্রতিপক্ষ স্বদেশী ক্লাব মার্শেই। তার প্রশংসা শেষে সুয়ারেস তার জায়গা হারানোর আশঙ্কা উড়িয়ে দিয়েছেন, ‘কারও জায়গা নিতে সে আসছে না, বরং বিশ্ব সেরা দলে খুব ভালো কিছু করার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আসবে সে। এখানে আমরা তাকে স্বাগত জানাব।’ গোল ডটকম