অনূর্ধ্ব-১৮ ফুটবলের শেষ চারে আবাহনী

আবাহনীর তরুণ ফুটবলারদের জয় উদযাপনশেষ দল হিসেবে অনূর্ধ্ব-১৮ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড। কোয়ার্টার ফাইনালে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর জয়ের নায়ক গোলকিপার আরিফুল ইসলাম। টাইব্রেকারে দুটি শট রুখে দিয়েছেন তিনি। প্রথম পাঁচটি শটের পর ৪-৪ সমতা ছিল টাইব্রেকারে। সাডেন ডেথে শেখ জামালের নাজমুল হোসেন আখন্দের শট লক্ষ্যভ্রষ্ট হলে আব্দুল কাদের মিন্টু গোল করে আবাহনীকে নিয়ে যান সেমিফাইনালে।

এর আগে আবাহনীর হয়ে গোল করেন আপন চন্দ্র ও দীপক রায়। শেখ  জামালের দুটি গোলই ম্যানুয়াল সরেনের।

আগামী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাদার্স  ইউনিয়ন ও ফরাশগঞ্জ। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ আরামবাগ।