চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে লাল কার্ড দেখেন রবের্তো। রিয়াল ফুলব্যাক মার্সেলোকে কনুই দিয়ে ‘ইচ্ছাকৃতভাবে’ আঘাত করায় রেফারি আলেহান্দ্রো হোসে এর্নান্দেস এর্নান্দেস সরাসরি লাল কার্ড দেখান বার্সেলোনা রাইটব্যাককে। যাতে ওই ম্যাচে এমনিতেই নিষিদ্ধ হয়ে যান রবের্তো। এবার পেলেন আরও বড় শাস্তি। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) চার ম্যাচ নিষিদ্ধ করেছেন তাকে।
এই শাস্তিতে এবারের লিগ মৌসুমে আর খেলা হচ্ছে না রবের্তোর। বার্সেলোনার বাকি থাকা তিন ম্যাচ- ভিয়ারিয়াল, লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তো বটেই, খেলতে পারবেন না সামনের মৌসুমের স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগেও।
বার্সেলোনার একটি সূত্র ‘ইএসপিএন এফসি’কে জানিয়েছেন, শাস্তির বিরুদ্ধে আপিল করবে কাতালান ক্লাবটি। ইএসপিএন এফসি