সিরি ‘এ’র দুই ম্যাচ থেকে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের আর একটি পয়েন্ট দরকার। তাহলেই টানা সপ্তম স্কুদেত্তো জিতবে আজ্জুরিররা।
বুধবারের ফাইনালে প্রথমার্ধ গোল করতে পারেনি কোনও দল। মিরালেম পিজানিচের ক্রস থেকে মেদি বেনাতিয়ার গোলে ৫৬ মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। মিলান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা ৫ মিনিট পর গোল উপহার দেন তাদের। দগলাস কোস্তা ডিবক্স থেকে শট নেন, সেটা ঠেকানো খুব কঠিন কিছু ছিল না দোনারুমার জন্য। কিন্তু তরুণ এই গোলরক্ষক সহজ শটটি ঠেকাতে পারেননি।
দোনারুমার জন্য দিনটা ছিল খুব বাজে। দ্বিতীয় গোল খাওয়ার চার মিনিট পর মারিও মানজুকিচের হেড থেকে বেনাতিয়ার শট তাকে বোকা বানিয়ে জড়ায় জালে।
মিলানের শোচনীয় হারের শেষ গোলটি আসে ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে। পিজানিচের কর্নার হেড করে নিজেদের জালে জড়ান নিকোলা কালিনিচ।
এই নিয়ে রেকর্ড টানা চার মৌসুম কাপটি জিতল প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দল জুভেন্টাস। এটি ছিল তাদের ১৩তম ইতালিয়ান কাপ। ইএসপিএনএফসি