‘টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভয়ঙ্কর দল’

মুশফিক রহিমআফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩ মে থেকে শুরু হবে সিরিজটি। আফগানদের বিপক্ষে এই সিরিজকে ‘কঠিন চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুশফিক বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভয়ঙ্কর দল। তামিমও বলেছে, ওদের অনেক বিশ্বমানের বোলার আছে। আইপিএলেও তারা অসাধারণ বোলিং করছে। ওদের বিপক্ষেই আমাদের খেলতে হবে। তাছাড়া ওদের বিপক্ষে আমরা আমাদের কন্ডিশনেও ম্যাচ হেরেছি। সবদিক থেকেই আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি। তবে নিদাহাস ট্রফিতে আমরা যেমন খেলেছি, তাতে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামতে পারব।’

মোহাম্মদ নবীর পর আফগানিস্তানের সবচেয়ে আলোচিত তারকা রশিদ খান। শুধু কী আলোচিত, নবীকে ছাড়িয়ে ক্রিকেট বিশ্বে নিজের শক্ত ভিত গড়েছেন এই স্পিনার। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টি-টোয়েন্টির শীর্ষ বোলারের তকমা গায়ে সেঁটেছেন রশিদ। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের একাই ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই আফগান লেগ স্পিনার।

রশিদের সঙ্গে নবী ও মুজিব উর রহমান যোগ হলে তাদের বোলিং আক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এই স্পিনত্রয়ীর বিপক্ষেই আগামী মাসের শুরুতে মুখোমুখি হবে বাংলাদেশি ব্যাটসম্যানরা। মুশফিকের প্রশংসা কুড়াচ্ছেন তারা, ‘রশিদ খান তো একজন বিশ্বমানের বোলার। তার বোলিংয়ের বিপক্ষে রান করা বেশ কঠিন। রশিদ খান ছাড়াও ওদের দলে নবী আছে।’

তবে এই স্পিনারদের মোকাবিলা করার সব প্রস্তুতিই সেরে নিচ্ছেন বাংলাদেশি উইকেটরক্ষক, ‘ওদের বোলিংয়ের বিপক্ষে ব্যক্তিগতভাবে আমি কিছু কাজ করছি। কোন শট খেললে স্কোর করতে পারব, তা নিয়ে কাজ করছি। দল হিসেবে আমাদের ভালো পরিকল্পনা নিতে হবে। ক্যাম্প শুরু হলেই সামনের সিরিজ নিয়ে পরিকল্পনা করব।’

দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে এই সিরিজ দিয়ে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চমৎকার স্টেডিয়ামে খেলতে মুখিয়ে আছেন মুশফিক, ‘শুনেছি স্টেডিয়ামটা অনেক ভালো। মাঠ অনেক সুন্দর। ভারতের মাঠ বিশ্বমানের হয়। মাঠটার আন্তর্জাতিক অভিষেক হবে। আমরা চেষ্টা করব মাঠের অভিষেকে আমাদেরও যাতে ভালো কিছু হয়।’

দেরাদুনের আবহাওয়া নিয়ে অবশ্য একটু চি্ন্তিত বাংলাদেশের সাবেক অধিনায়ক, ‘ওখানে গরমে হয়তো সমস্যা হতে পারে। যেহেতু শ্রীলঙ্কায় গিয়ে অনেক গরমে খেলেছি, তাই মানিয়ে নিতে সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া দুটি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ থাকছে। সব মিলিয়ে আশা করি কোনও সমস্যা হবে না।’