বিশ্ব রেকর্ড দামে এই মৌসুমের শুরুতে প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দেওয়া নেইমার গুরুতর চোটে ছিটকে যান। ব্রাজিলে অস্ত্রোপচার শেষে কয়েক দিন আগে ফ্রান্সে ফিরেছেন তিনি। আগামী বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চলছে তার। এরই মধ্যে প্যারিসের ক্লাব ছাড়ার গুঞ্জনও চলছে তাল মিলিয়ে। বার্সা প্রেসিডেন্টের বক্তব্যের পর রিয়াল মাদ্রিদে তার যাওয়ার খবর শোনা যাচ্ছে।
অবশ্য বার্সায় তার ফেরার খবর নিয়ে কানাঘুষা কমেনি। তার সাবেক সতীর্থ ইনিয়েস্তা এই নিয়ে বলেছেন, ‘আমি মনে করি না ড্রেসিং রুমে (নেইমার ফিরলে) কোনও সমস্যা হবে। কিন্তু আমার চোখে আবারও তাকে বার্সায় দেখা হবে অদ্ভুত ব্যাপার।’
বার্সার সঙ্গে ১৬টি শিরোপা জয়ী ইনিয়েস্তা কথা বলেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের আন্তোয়ান গ্রিয়েজমানের গুঞ্জন নিয়েও। ফরাসি ফরোয়ার্ড ন্যু ক্যাম্পে আসবেন, এমন খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। স্প্যানিশ বিশ্বকাপ জয়ীর মতে ২৭ বছর বয়সী তারকা ফিরলে সেটা হবে বার্সার জন্য বিরাট পাওয়া। ইনিয়েস্তা বলেছেন, ‘আমি জানি এই মুহূর্তে গ্রিয়েজমান সেরা স্ট্রাইকারদের একজন। কিন্তু আমি জানি না ভবিষ্যতে কী ঘটবে। এখন সে অ্যাতলেতিকোর খেলোয়াড়। তাকে নিয়ে কথা বললে কোনও পরিবর্তন ঘটবে না। যদি সে শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ করে, সেটা হবে সেরা চুক্তি।’ গোল ডটকম