১৬ ম্যাচ নিষিদ্ধ আরদা তুরান

রেফারির সিদ্ধান্ত মানতে পারছেন না আরদা তুরান (মাঝে)লাইন্সম্যানকে ধাক্কা মারলেন আরদা তুরান! সরাসরি লাল কার্ড দেখার পর এবার আরও বড় শাস্তির পেলেন তিনি। ১৬ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনা থেকে ধারে ইস্তাম্বুল বাসাকসেহিসে খেলতে যাওয়া টারকিশ মিডফিল্ডার।

শুক্রবার টারকিশ লিগে সিভাসপোরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাসাকসেহিস। ওই ম্যাচে উইং দিয়ে আক্রমণে ওঠা তুরানকে প্রতিপক্ষের এক খেলোয়াড় ট্যাকল করলে তিনি পড়ে যান। সহকারী রেফারি ফাউলের বদলে থ্রো-ইনের পক্ষে সায় দিলে খেপে যান এই মিডফিল্ডার। মেজাজ হারিয়ে তুরান ধাক্কা মারেন সহকারী রেফারিকে। বিশাল এই অপরাধে রেফারি সঙ্গে সঙ্গে সরাসরি লাল কার্ড দেখান টারকিশ তারকাকে।

তবে আরও বড় শাস্তি যে পেতে যাচ্ছেন, সেটা অনুমান করা যাচ্ছিল অপরাধের ধরন দেখেই। সিদ্ধান্ত ভুল কিংবা সঠিক যাই হোক, রেফারির গায়ে হাত দেওয়াটা ‘আচরণবিধির সর্বোচ্চ পর্যায়’ ভঙ্গ করে। তাই দৃষ্টান্তমূলক শাস্তিই দিয়েছে টারকিশ ফুটবল ফেডারেশন।

সব মিলিয়ে ১৬ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তুরানকে। ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন সহকারী রেফারিকে ধাক্কা দেওয়ার অপরাধে, তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তাকে অপমান করায় এবং আরও তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন সহকারী রেফারিকে হুমকি দেওয়ায়।

শীতকালীন দলবদলে বার্সেলোনা থেকে আড়াই বছরের জন্য ধারে যোগ দিয়েছেন তিনি বাসাকসেহিসে। ২০১৭-১৮ মৌসুমের অর্ধেক সময় ন্যু ক্যাম্পে কাটিয়ে এলেও এক ম্যাচের জন্যও মাঠে নামতে পারেননি তুরান। বিবিসি