জাতীয় ফুটবল দলের দায়িত্বে ব্রিটিশ কোচ!

ন্যাশনাল টিমস কমিটির সভা। ছবি-বাফুফেগত ২৭ মার্চ লাওসের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর আর দেশে ফেরেননি জাতীয় দলের অ্যান্ড্রু ওর্ড। তবে অস্ট্রেলিয়ান কোচ বিদায় নেওয়ার দেড় মাসের মধ্যে নতুন কোচ নির্বাচন প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল  টিমস কমিটি। আগামী ১ জুন একজন ব্রিটিশ কোচ জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন। তবে এখনও তার নাম প্রকাশ করা হয়নি।

সোমবার এক সভায় কোচ ও অন্যান্য বিষয়ে আলোচনা করেছে ন্যাশনাল টিমস কমিটি। সভাশেষে বাফুফে সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ‘কোচের বিষয়ে আজ চূড়ান্ত  সিদ্ধান্ত হয়নি। যে কোচের বিষয়ে আমরা আগ্রহী তার সঙ্গে দু-একটি বিষয়ে এখনও আলোচনা বাকি আছে।  শুক্রবার কথাবার্তা ফাইনাল হলে শনিবার নাম প্রকাশ করতে পারবো।’

লন্ডনে সেই ব্রিটিশ কোচের সঙ্গে দেখা করে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কাজী নাবিল আহমেদ। তিনি বলেছেন, ‘ব্রিটিশ কোচের সঙ্গে লন্ডনে বৈঠক হয়েছে। ১ জুন আসতে পারেন তিনি। প্রাথমিকভাবে এক বছরের চুক্তি হতে পারে। সিনিয়র ও অলিম্পিক দলের দায়িত্ব নেবেন নতুন কোচ। এছাড়া অন্য দলগুলোকেও  পরামর্শ দেবেন। আশা করি, নতুন কোচ দেশের ফুটবলকে অনেক এগিয়ে নিতে পারবেন।’

‘কতটা এগিয়ে নেবেন?’ প্রশ্নে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানের উত্তর, ‘মাঠে নেমে আমরা কর্মকর্তারা খেলি না, কোচও খেলেন না। ফুটবলাররাই জেতার জন্য মাঠে নামেন। তবে আমার বিশ্বাস, সাফের যে কোনও দলের বিপক্ষে ভালো খেলার সামর্থ্য আছে বাংলাদেশের। আমি চাই বাংলাদেশ সাফ ফুটবলের ফাইনালে খেলুক, চ্যাম্পিয়ন হোক। তবে সাধ ও সাধ্যের মধ্যে যোগসূত্র থাকতে হবে। আর সেটার জন্যই আমাদের এই কার্যক্রম।’

কোচ ছাড়াও জাতীয় দলের ক্যাম্প নিয়ে কথা বলেছেন কাজী নাবিল আহমেদ। তিনি জানিয়েছেন, ‘১৯ অথবা ২০ মে বিকেএসপিতে শুরু হবে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প। ক্যাম্পের জন্য ৩৫ জনকে ডাকা  হবে। এশিয়ান গেমস ও সাফ ফুটবল পর্যন্ত একটানা চলবে ক্যাম্প। খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখাই  আমাদের লক্ষ্য।  জুলাই ও আগস্টে দু-তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে জাতীয় দল।’