অলিম্পিক মার্শেইকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাতলেতিকো। ঐতিহ্য অনুযায়ী শিরোপা জয়টা মাদ্রিদের ক্লাবটি উদযাপন করে শহরের নেপচুন ফোয়ারার সামনে। শুক্রবার সেখানে জড়ো হওয়ার আগে অ্যাতলেতিকোর খেলোয়াড়, কোচ ও স্টাফরা দেখা করেন মাদ্রিদের মেয়র ও কমিউনিটি প্রেসিডেন্টের সঙ্গে। এরপর ছাদখোলা বাসে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ভক্তদের অভিনন্দনের জবাব দেন তারা।
জোড়া লক্ষ্যভেদ করে অ্যাতলেতিকোকে ইউরোপা লিগের শিরোপা জেতানো গ্রিয়েজমানের বার্সেলোনায় যাওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। ফরাসি ফরোয়ার্ডের ২০০ মিলিয়ন ইউরোর বাইআউট ক্লজ ১০০ মিলিয়ন ইউরোতে নেমে আসবে ১ জুলাই। বার্সেলোনা অবশ্য ১১৫ মিলিয়ন ইউরো দিয়ে বিশ্বকাপের আগেই দলে নিয়ে চাইছে তাকে। আর সেই সম্ভাবনাই বেশি বলে খবর স্প্যানিশ সংবাদমাধ্যমের। যে কারণে অ্যাতলেতিকো সমর্থকরা গ্রিয়েজমানকে থাকার অনুরোধ করেছেন বারবার।