স্পেনের নতুন কোচ এনরিকে

লুইস এনরিকেস্প্যানিশ মিডিয়ার খবরই সত্যি হলো। স্পেনের জাতীয় দলের নতুন কোচ হলেন লুইস এনরিকে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সোমবার এক সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করে।

বিশ্বকাপের আগে হুলেন লোপেতেগি বরখাস্ত হওয়ার পর কোচের দায়িত্ব দেওয়া হয় ফের্নান্দো হিয়েরোকে। শেষ ষোলোতে স্পেন বিদায় নেওয়ার পর গত রবিবার তিনি পদত্যাগ করেন।

সোমবার সকালে মার্কা প্রথম পাতায় এনরিকের ছবি দিয়ে শিরোনাম করে, ‘নতুন লুইস। লুইস এনরিকে হবেন জাতীয় দলের পরের কোচ। তার মিশন হবে স্পেনকে সেই জায়গায় ফেরানো যেখানে (লুইস) আরাগোনেস ও (ভিসেন্তে) দেল বস্ক নিয়ে গিয়েছিলেন।’ দিনের শেষ ভাগে এসে সেই খবর সত্যি হলো।

২০১৫ সালে এক বক্তব্যে এনরিকে জানান, জাতীয় দলের কোচ হওয়ার ‘খুব ইচ্ছা’ তার। এবার স্বপ্ন সত্যি হলো ৪৮ বছর বয়সী কোচের। ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ মাথায় রেখে কাজ করবেন তিনি। স্পেনের জার্সিতে ১২ ম্যাচ খেলা এনরিকের নিয়োগের ব্যাপারে নিশ্চিত করেছেন ফেডারেশন প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস, ‘সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনরিকে তার স্টাফদের নিয়ে আসবেন এবং সামনের সপ্তাহে সেটা নিয়ে কথা বলবেন।
স্পেনের সাবেক খেলোয়াড় এনরিকে তার খেলোয়াড়ি জীবনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় কাটিয়েছেন। গিহনে জন্ম নেওয়া এই কোচ ২০১৪ সালে জেরার্দো মার্তিনোর উত্তরসূরি হন বার্সায়। প্রথম মৌসুমে কাতালানদের জেতান ট্রেবল। পরেরবার জেতেনে দুটি ঘরোয়া শিরোপা। ন্যু ক্যাম্পে তিন মৌসুমে ৯টি ট্রফি জিতে ২০১৭ সালের মে মাসে বার্সেলোনা ছাড়েন এনরিকে। তার আগে সেল্তা ভিগো ও বার্সার রিজার্ভ দল এবং সিরি এ দল রোমার কোচ ছিলেন তিনি। গোল ডটকম, ইএসপিএনএফসি