স্পেশাল অলিম্পিকের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো ইউনিফায়েড ফুটবল যুক্তরাষ্ট্রের শিকাগোতে হয়েছে। সেমিফাইনালে উঠেও জার্সি বিভ্রাটের কারণে খেলা হয়নি বাংলাদেশের। এরপরই ডিফেন্ডার রেজোয়ানুল ‘নিখোঁজ’ হয়ে পড়লে আরও চাপে পড়ে যায় বাংলাদেশ দল।
শেষ পর্যন্ত শিকাগো পুলিশ তাকে খুঁজে পেয়ে নিজেদের হেফাজতে রেখেছে। সেখানে তিনি ভালোভাবেই আছেন বলে জানিয়েছেন স্পেশাল অলিম্পিক কমিটির ইন্টারন্যাশনাল পরিচালক ফারুকুল ইসলাম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘রেজোয়ানুল হক ভালো আছেন বলে জানতে পেরেছি। সেখানকার কনসাল জেনারেল বিষয়টি অবগত। এছাড়া আমাদের দলের এক কর্মকর্তা ডা: হাফিজুর রহমানের মাধ্যমেও আমরা জেনেছি।’
রেজোয়ানুলের সন্ধান মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই কর্মকর্তা, ‘এমনিতেই জার্সি কাণ্ডে আমরা চাপে ছিলাম। তারপর রেজোয়ানুল কাণ্ডে আরও বেকায়দায় ছিলাম। তবে তার সন্ধান মেলায় আমরা এখন স্বস্তিতে আছি। বড় লজ্জার হাত থেকে বেঁচেছে দেশ। এখন তার ঢাকায় ফেরার অপেক্ষায় আমরা।’
শিকাগো থেকে বুদ্ধি-প্রতিবন্ধী এই ফুটবলার একা কীভাবে ঢাকায় আসবেন এ নিয়েও চিন্তা কম নয়। ফারুকুল ইসলাম বলেছেন, ‘শিকাগো পুলিশ কনসাল জেনারেলের কাছে রেজোয়ানুলকে হস্তান্তর করতে পারে, অথবা আমাদের দলের ডাক্তার হাফিজুর রহমানও তাকে নিয়ে আসতে পারেন। যদিও হাফিজ সাহেব নিউ ইয়র্কে আছেন। আমরা প্রয়োজনে তার বিমান ভাড়ার অতিরিক্ত যা লাগবে তা দিয়ে দেবো।’
ডা: হাফিজুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রেজোয়ানুলের বিষয়টি নিয়ে কথা বলা ঠিক হবে না। কী হয়েছে, তা সবাই জানে। আর আমি ২৯ জুলাই ঢাকায় ফিরছি। রেজোয়ানুল কীভাবে ঢাকায় আসবে, তা বলতে পারছি না।’