ভুটানে শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের মেয়েদের

ভুটানে শিরোপা ধরে রাখার লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত দুই ফুটবলারগত ডিসেম্বরে ঢাকায় মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আগামী ৯ আগস্ট ভুটানে শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্য লাল-সবুজ দলের।

‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে নেপাল ও পাকিস্তানের বিপক্ষে। ‘এ’ গ্রুপের তিন দল ভারত, শ্রীলঙ্কা ও ভুটান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্স আপ দল মুখোমুখি হওয়ার পর ফাইনাল হবে ১৮ আগস্ট।

সাফ ফুটবলকে সামনে রেখে অনেক দিন ধরে অনুশীলন করছেন ফুটবলাররা। এবারের দলে কয়েকটি পরিবর্তন এসেছে। মার্জিয়া আক্তার, দীপা খাতুন, রুনা আক্তার, রুমি আক্তার ও সাগরিকা খাতুন দলে নেই। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন তাহমিনা খাতুন, সাইদা আক্তার, রত্না খাতুন, আফরিদা আক্তার ও রেহানা খাতুন ।

দলের কোচ গোলাম রব্বানী ছোটন ভুটানে সাফল্য পেতে আশাবাদী। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে অনুশীলনের মধ্যে আছে মেয়েরা। আশা করি, আমরা সাফ ফুটবলের শিরোপা ধরে রাখতে পারবো।’

তিনি আরও বলেছেন, ‘দেশের বাইরে খেলার অভিজ্ঞতা মেয়েদের আছে। ভুটানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।’