লিভারপুলে আলিসনের অভিষেক নাপোলির বিপক্ষে

আলিসন বেকারবিশ্বের সবচেয়ে দামী গোলরক্ষক হিসেবে আলিসন বেকারের অভিষেক হবে শনিবার। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানালেন, এদিন নাপোলির বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যাবে ব্রাজিলিয়ান গোলরক্ষককে।

সাড়ে ৭২ মিলিয়ন ইউরোতে বিশ্ব রেকর্ড গড়ে রোমা থেকে লিভারপুলে চুক্তি করেছেন ২৫ বছর বয়সী আলিসন। ব্রাজিলের বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে এই সপ্তাহের শুরুতে লিভারপুলের অনুশীলনে যোগ দেন তিনি।

আলিসনকে মৌসুম শুরুর আগেই পরখ করে দেখতে চান ক্লপ, ‘এটা অনেকটা নিশ্চিত (আলিসনের অভিষেক)। আমাদের সময় নষ্ট করা উচিত হবে না।’ তিনি আরও যোগ করেন, ‘তারপর প্রায় এক সপ্তাহ পাবো। অভিষেকের পর অনুশীলনের জন্য ৬ দিন হাতে থাকবে। হ্যাঁ, সে খেলবে।’

আগামী ৭ আগস্ট প্রাক মৌসুমের শেষ প্রীতি ম্যাচে তুরিনোর বিপক্ষে খেলবে লিভারপুল। তার ৫ দিন পর প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টরা। গোল ডটকম