অ্যালেক্স ভিদালকে ছেড়ে দিলো বার্সেলোনা

অ্যালেক্স ভিদাললুকাস দিগনের পর রক্ষণভাগের আরেকজন খেলোয়াড়কে হারাল বার্সেলোনা। আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে এসি মিলানের মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে জানা গেল, সেভিয়ার সঙ্গে চুক্তি করতে অ্যালেক্স ভিদালকে দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে কাতালান জায়ান্টরা।

বেশ কয়েকটি মিডিয়া নিশ্চিত করেছে, বার্সা সতীর্থদের আমেরিকায় রেখে স্পেনে ফিরে গেছেন ভিদাল। তিন বছরের সম্পর্ক চুকিয়ে তিনি আবার ফিরছেন সেভিয়াতে। ২০১৫ সালে তাকে কাতালানদের কাছে বিক্রি করে দেওয়া সেভিয়া এক কোটি ইউরো দিয়ে ফের চুক্তি করছে এই রাইট ব্যাকের সঙ্গে।

শনিবার বার্সেলোনায় পা রাখার কথা ভিদালের। তারপর মেডিক্যাল টেস্ট শেষে সেভিয়াতে তার ফেরা চূড়ান্ত করবেন ২৮ বছর বয়সী ডিফেন্ডার। এতে করে রবিবার মিলানের বিপক্ষে খেলা হবে না তার। অর্থাৎ, রোমার কাছে ৪-২ গোলে হারা ম্যাচই ছিল লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে ভিদালের শেষ ম্যাচ।

এই সপ্তাহের শুরুতে লেফট ব্যাক দিগনে বার্সা ছেড়ে যোগ দেন এভারটনে। 

এক ভিদাল বিদায় নিলেও আরেক ভিদালের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। তিন বছরের জন্য আর্তুরো ভিদালকে আনছে লা লিগা চ্যাম্পিয়নরা। ইএসপিএনএফসি