বাংলাদেশের ‘নাম্বার নাইন’ কে?

বাংলাদেশ ফুটবল দলএশিয়ান গেমস ও সাফ ফুটবলকে সামনে রেখে বাংলাদেশ দল এখন দক্ষিণ কোরিয়া সফরে আছে। সেখানে খেলা তিনটি প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে একাদশ সাজিয়েছিলেন ৪-২-৩-১ ছকে। অবশ্য ‘নাম্বার নাইন’ নিয়ে এখনও আছে ধোঁয়াশা।

দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশ প্রথম ম্যাচে গুয়াংজু এফসির কাছে ২-০ গোলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে সেহান বিশ্ববিদ্যালয়কে হারায় ২-১ ব্যবধানে। তৃতীয় ম্যাচে এসেছে আরও ছন্দময় জয়, চোডাং বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে ৩-১ গোলে।

সাদ উদ্দীন ও মাহবুবুর রহমান সুফিল সেহান বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে গোল পেয়েছেন। আবার চোডাং বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে স্কোরশিটে নাম তোলেন বিপলু, মতিন ও রবিউল। সাধারণত সাদ ও সুফিলকে ‘নাম্বার নাইন’ পজিশনে খেলাচ্ছেন কোচ, একই সঙ্গে আবার মতিন মিয়াকেও দেখা যাচ্ছে।

ফরোয়ার্ড পজিশনে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন জেমি ডে। আপাতত তার ভাবনা এশিয়ান গেমস, সেখানে অনূর্ধ্ব-২৩ দল খেলবে। সিনিয়র খেলোয়াড় হিসেবে গোলরক্ষক আশরাফুল ইসলাম, ডিফেন্ডার তপু বর্মণ ও মিডফিল্ডার জামাল ভূ্ঁইয়া থাকবেন। সেক্ষেত্রে তরুণদের মধ্যে থেকে ‘নাম্বার নাইন’ বেছে নিতে হচ্ছে। প্রথম পছন্দ হিসেবে আবাহনী ফরোয়ার্ড সাদ উদ্দীন থাকলেও কোচ তাকে শেষ পর্যন্ত দেখতে চাইছেন।

দক্ষিণ কোরিয়া থেকে প্রধান কোচ জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার ফরমেশনে কে নাম্বার নাইন হবে, তা এখনও ঠিক হয়নি। সবাইকে প্রস্তুতি ম্যাচে দেখা হয়েছে। এশিয়াডের আগে অনুশীলনেও দেখা হবে। শেষ পর্যন্ত পারফরম্যান্স অনুযায়ী ঠিক হবে।’

আগের চেয়ে দলের অবস্থা ভালো বলে দাবি এই ইংলিশ কোচের, ‘পিছিয়ে থেকে কীভাবে লড়তে হয়, তা ভালোভাবে শিখছে দল। ফিটনেস অবস্থার উন্নতি হয়েছে। শেষ মিনিট পর্যন্ত লড়ার ক্ষমতা খেলোয়াড়দের মধ্যে আছে, এটা ভালো দিক। এশিয়াডে কঠিন প্রতিপক্ষ, সেখানে আমাদের ভালো করতে হবে।’

ম্যানেজার সত্যজিত দাশ রুপুর কণ্ঠেও একই সুর, ‘সাদ-সুফিলরা গোল পাচ্ছে। তাই সামনে থেকে কে খেলবে, তা ঠিক হয়নি। কোচ ভুল-ত্রুটি নিয়ে কাজ করছেন। ডেড বল পরিস্থিতে কীভাবে খেলতে হবে, বল পজিশন কিংবা ম্যান মার্কিং নিয়ে বেশ কাজ হচ্ছে।’

এশিয়াডে কঠিন গ্রুপে পড়েছে লাল-সবুজের দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ উজবেকিস্তান, থাইল্যান্ড ও কাতার। ১৮ আগস্ট এশিয়ান গেমস শুরু হলেও ফুটবলের লড়াই শুরু হবে আগেই। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ আগস্ট, উজবেকিস্তানের বিপক্ষে। ১৬ আগস্ট থাইল্যান্ড ও ১৯ আগস্ট কাতারের মুখোমুখি হবে জেমি ডে’র দল।