গত মৌসুমের চেয়েও ভালো পারফরম্যান্স এবার খেলোয়াড়দের কাছে আশা করছেন ম্যানসিটি কোচ। প্রিমিয়ার লিগের সব প্রতিপক্ষকে হুঁশিয়ার করলেন গার্দিওলা। আগামী রবিবার আর্সেনালে শুরু হবে তার দলের নতুন মৌসুম।
কমিউনিটি শিল্ড জয়ের আনন্দ নিয়ে ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নামছে সিটিজেনরা। যেখানে সের্হিয়ো আগুয়েরো, কেভিন ডি ব্রুইন ও ডেভিড সিলভার মতো খেলোয়াড়দের কাছ থেকে আরও উন্নতি দেখতে চান গার্দিওলা।
সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে আরও ভালো করতে পারে। যারা ডান (পা) দিয়ে নিখুঁত শট নিতে পারে, তারা তার বাঁ দিয়েও করতে পারে। ব্যক্তিগতভাবে উন্নতি করলে দলও উন্নত হবে। সবসময় যুতসই খেলা পাবেন না। এটা নিখুঁত দল নয়, সবসময় আপনাকে উন্নতি করতে হবে।’
শিরোপা ধরে রাখার লড়াইয়ে ম্যানসিটির জন্য পাঁচ দলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গার্দিওলা, ‘আমরা যেটা করতে পারি, সেটা প্রত্যেক দলই করতে পারে। বিশেষ করে শিরোপার পাঁচ প্রার্থী। আমি বলবো তাদের সবাই- ইউনাইটেড (ম্যানচেস্টার), চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম, লিভারপুল- হতে যাচ্ছে তেমনটা (চ্যালেঞ্জি)।’