চাংলিমিথাং স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে ‘অচেনা’ প্রতিপক্ষ। ২০১৭ সালের ডিসেম্বরে ঢাকার আসরে খেলেনি পাকিস্তান। তাই কোচ গোলাম রব্বানী ছোটন একটু বেশি সতর্ক। ম্যাচের আগে বলেছেন, ‘এটা তো সত্যি, আমরা বয়সভিত্তিক আসরে পাকিস্তানের বিপক্ষে আগে খেলিনি। তাই তাদের সম্পর্কে ধারণা কম। কিন্তু তারা শারীরিক গঠনে এগিয়ে। মাঠের পারফরম্যান্স সম্পর্কে জানা নেই। আমরা সব কিছু চিন্তা করেই পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিচ্ছি। প্রথম ম্যাচ থেকেই এগিয়ে যেতে চাই।’
জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ- কথাটা আরও একবার মনে করিয়ে দিলেন সফল এই কোচ, ‘আমরা আমাদের খেলাটা খেলতে চাই। মাঠে সেরা খেলাটা খেলতে পারলে জয় সম্ভব। আমাদের জন্য প্রথম ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। মেয়েরা ভালো খেলার জন্য উন্মুখ হয়ে আছে।’
অধিনায়ক মারিয়া মান্ডার কণ্ঠেও একই সুর, ‘আমরা এখানে এসেছি শিরোপা ধরে রাখতে। এজন্য পরিশ্রমও করে যাচ্ছি। পাকিস্তানকে হারানো ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’ তহুরা খাতুন তো প্রথম ম্যাচ থেকেই গোল পেতে চান, বললেন, ‘আমরা ম্যাচ জেতার জন্য খেলব। সেরাটা দিয়ে দলকে জয়ী দেখতে চাই। আর এই আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার ইচ্ছাও আছে।’
ফিফার নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত ছিল পাকিস্তান। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এই প্রথম বয়সভিত্তিক আসরে অংশ নিচ্ছে তারা। দলটির কোচ মোহাম্মদ রশিদ সমীহ করছেন বাংলাদেশকে। তার পরিষ্কার কথা, ‘বাংলাদেশ শক্তিশালী দল, ভারসাম্যপূর্ণ। এর ওপর আবার তারা বর্তমান চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে ভালো খেলার লক্ষ্য আছে। কিন্তু আমরা নতুন দল, চেষ্টা থাকবে ম্যাচ জয়ের।’