ক্রিস্তিয়ানো রোনালদো চলে গেছেন রিয়াল ছেড়ে। পর্তুগিজ তারকার জায়গা পূরণে বাতাসে ভেসে বেড়ানো অনেকের মধ্যে শোনা গেছে লেভানদোস্কির নামও। তাছাড়া পোলিশ স্ট্রাইকার যেহেতু অনেকবারই ‘রিয়ালে খেলার স্বপ্নের’ কথা শুনিয়েছেন, তাই সান্তিয়াগো বার্নাব্যুতে তার যোগ দেওয়ার গুঞ্জনকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। এর ওপর বায়ার্ন কোচ কিংবা কর্তাদের বক্তব্যেও তেমন কোনও জোর ছিল না।
এই যখন অবস্থা, ঠিক তখনই বায়ার্নের জার্সিতে হ্যাটট্রিক পূরণ করলেন লেভানদোস্কি। মৌসুমের প্রথম শিরোপা জেতার পথে স্পষ্টই বোঝা গেছে পোলিশ স্ট্রাইকার করাটা সুখী আলিয়েঞ্জ অ্যারেনায়। রিয়ালের জন্য যা অবশ্যই চরম হতাশার খবর।
এবার দিয়ে জার্মান সুপার কাপের সপ্তম শিরোপা জিতলো বায়ার্ন। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২১তম মিনিটে হেড থেকে লক্ষ্যভেদ করে ব্যাভারিয়ানদের এগিয়ে নেন লেভানদোস্কি। এরপর ২৬ ও ৫৪ মিনিটে আরও দুইবার লক্ষ্যভেদ করে মৌসুমের শুরুটাই করলেন তিনি হ্যাটট্রিক দিয়ে। ৫-০ গোলের জয়ের পথে বাকি দুটি গোল করেছেন ৬৩ মিনিটে কিংসলি কোমান ও ৮৫ মিনিটে থিয়াগো আলকান্তারা।
জার্মান সুপার কাপ দিয়ে বায়ার্নে শুরু হলো নতুন কোচ নিকো কোভাক যুগ। আর সেই শুরুটাই হলো শিরোপা উদযাপন করে। ইএসপিএনএফসি