মুন্দো দেপোর্তিভোর দাবি, ২০২১ সালের জুন পর্যন্ত ইউনাইটেডে চুক্তিবদ্ধ পগবা এই গ্রীষ্মে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে চান। কারণ কোচ হোসে মরিনহোর সঙ্গে বনিবনা হচ্ছে না তার। পগবার এজেন্ট মিনো রায়োলা এই দলবদলের বাজার বন্ধ হওয়ার আগেই সব কাজ সেরে ফেলতে চেষ্টা করবেন।
৯ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদল শেষ হলেও আগামী ৩১ আগস্ট পর্যন্ত খোলা স্প্যানিশ ক্লাবের বাজার। হাতে আছে আরও দুই সপ্তাহের বেশি। পগবার সঙ্গে চুক্তি করার প্রস্তুতি বার্সা নিচ্ছে কিনা এই প্রশ্ন তাই শুনতে হলো বার্তোমেউকে। সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার সুপার কাপ জয়ের পর তিনি দিলেন কৌশলী জবাব।
স্প্যানিশ টিভি স্টেশন টিভিই’কে বার্তোমেউ বলেছেন, ‘আমি কখনও কারও (সুনির্দিষ্ট) নাম বলিনি, আপনারা জানেন। তাছাড়া অন্য ক্লাবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সত্যি হচ্ছে দলবদলের জন্য আরও ২০ দিন হাতে আছে। এই খেলোয়াড়কে (পগবা) নিয়ে কিছু বলতে পারি না।’
বার্সা প্রেসিডেন্ট আরও যোগ করেছেন, ‘এই খেলোয়াড় তার দলে আছে এবং লিগে খেলছে। এখনও হাতে আছে ২০ দিন। আমরা দেখবো কোন খেলোয়াড়রা চলে যায়, আর কারা আসে। দেখা যাক।’ দরজা কিন্তু খোলাই থাকলো বিশ্বকাপ জয়ী ফরাসি মিডফিল্ডারের জন্য! গোল ডটকম