পাঁচ গোলের থ্রিলারে আর্সেনালকে হারাল চেলসি

আলোনসোর গোলে জিতল চেলসিস্ট্যামফোর্ড ব্রিজে ২ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল আর্সেনাল। কিন্তু তাদের দুর্দান্ত প্রত্যাবর্তনকে মাটি করে দিয়ে ৫ গোলের থ্রিলারে জিতল চেলসি।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-২ গোলে গানারদের টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ দিলো তারা।

টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মাউরিসিও সারির শিষ্যরা। প্রথম ম্যাচে হাডার্সফিল্ড টাউনকে ৩-০ গোলে হারায় চেলসি।

মাত্র ২০ মিনিটের মধ্যে দুই গোল করে চেলসি। ৯ মিনিটে পেদ্রোর পর দ্বিতীয় গোল করেন আলভারো মোরাতা।

ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল আরও বেশ কিছুক্ষণ। কিন্তু বিরতির আগে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতা ফেরায় আর্সেনাল। ৩৭ মিনিটে হেনরিখ মিখিতারিয়ান করেন ২-১। অ্যালেক্স আইওবি গানারদের দ্বিতীয় গোল করেন ৪১ মিনিটে।

এমন সাহসী পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানো আর্সেনাল শেষ পর্যন্ত স্কোর সমান রাখতে ব্যর্থ হয়। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগের গোল ম্যাচের পার্থক্য গড়ে দেয়। বদলি নামা এডেন হ্যাজার্ডের অ্যাসিস্টে ৮১ মিনিটে জয়সূচক গোল করেন মার্কোস আলোনসো।

এদিন আগের ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে টটেনহ্যাম হটস্পার। বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী হ্যারি কেইন প্রিমিয়ার লিগে প্রথমবার আগস্টে গোল করেছেন। স্পারদের টানা জয়ে অন্য দুই গোল করেন লুকাস মোরা ও কিয়েরন ট্রিপিয়ের। ৬ পয়েন্ট নিয়ে তারা দুই নম্বরে। গোল ডটকম