রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বার্সার ১-০ গোলে জয়ের পর রাকিতিচ নিশ্চিত করেন, এই ক্লাব ছেড়ে যাওয়ার কোনও ইচ্ছা তার নেই। পরিবার, বন্ধু ও এজেন্টের সঙ্গে আলাপ করে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্যারিস সেন্ত জার্মেই ৯ কোটি ইউরোতে রাকিচিততে কেনার প্রস্তাব দিয়েছে বলে রিপোর্ট করে কয়েকটি মিডিয়া। এর সত্যতা কতটুকু সেটা না জানালেও ৩০ বছর বয়সী মিডফিল্ডার জানালেন তার ইচ্ছার কথা।
এই লা লিগা মৌসুমের প্রথম দুটি ম্যাচের একাদশে ছিলেন রাকিতিচ। তার বিশ্বাস, ব্লগরানাদের ট্রফি চ্যালেঞ্জে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন তিনি।
ভায়াদোলিদের বিপক্ষে আরেকবার ৩ পয়েন্ট নিশ্চিতের পর রাকিতিচ বলেছেন, ‘গত কয়েক দিন ভাবনায় ডুবে ছিলাম। আমার জন্য এই শার্ট পরে থাকাই বিশেষ প্রাপ্তি। আমি খুব গর্বিত এবং আশা করি এখানে দীর্ঘ দিন থাকতে পারবো।’
ন্যু ক্যাম্পে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ছিল তার জন্য খুব সহজ, ‘বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলা অনেক বড় ব্যাপার। আমি আমার স্ত্রী, পরিবার ও এজেন্টের সঙ্গে কথা বলেছি। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এখানে থাকা খুব ভালো হবে। বার্সা আমাকে যেটা দিতে পারে, সেটা অন্য কোনও ক্লাব আমাকে দিতে পারবে না।’
ম্যাচের আগের দিন কোচ এর্নেস্তো ভালভারদের প্রশংসা পেয়েছেন রাকিতিচ। কোচের স্তুতি পেয়ে খুশি তিনি, ‘কোচের বক্তব্যের জন্য ধন্যবাদ। বোর্ড, দল ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞ। শিরোপা জিততে আমি আমার সবটুকু দিবো। অনেক ক্লাব আমাকে চেয়েছে কিন্তু আমি এনিয়ে আমার পরিবারের সঙ্গে বসেছি। এটা ছিল খুব সহজ সিদ্ধান্ত, আমি এখানেই থাকতে চেয়েছি।’ ইএসপিএনএফসি, গোল ডটকম