সৈয়দপুর বিমানবন্দরে শ্রীলঙ্কা দলকে সংবর্ধনা

Sri-lokan Tem pic (2)দেশের উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে শ্রীলঙ্কা ফুটবল দলকে স্বাগত জানাতে ভিড় করেছিল হাজারও উৎসুক জনতা। সোমবার লঙ্কান দলকে সংবর্ধনা দিয়েছে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা।

সোমবার দুপুরে ভিআইপি লাউঞ্জের সামনে ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ফুল নিয়ে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার পতাকা নেড়ে শুভেচ্ছা জানায় দ্বীপ দেশটির ফুটবলারদের। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, ওসি শাহাজান পাশা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাবাহাত আলী সাব্বু।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানিয়েছেন, আগামী ২৯ আগস্ট নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা দলের আগমন। দলটি থাকবে রংপুরে এবং সেখানেই সংবাদ সম্মেলন করবে মঙ্গলবার, এরপর ২৯ আগস্ট স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা।

গত রবিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি, চলবে মঙ্গলবার পর্যন্ত। পৌর এলাকার সব ব্যাংক এবং চারটি ইউনিয়নের সব ব্যাংকের শাখায় এই ম্যাচের টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে মহিলাদের জন্য এক হাজার আসন ও ভিআইপিদের জন্য ৩৭০ আসন বরাদ্দ থাকবে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২০ হাজার।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুন বলেছেন, ‘সাধারণ এবং মহিলাদের আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ও ভিআইপি আসনের জন্য ১ হাজার টাকা। মহিলাদের টিকিট জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।’

নীলফামারী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করছে।

আগামী ৪ থেকে ১৫ সেপ্টেম্বর হতে যাচ্ছে সাফ ফুটবল। তার আগে প্রীতি ম্যাচ খেলতে রবিবার রাতে ঢাকায় পৌঁছায় শ্রীলঙ্কার দল।