‘রোনালদোর শূন্যতা পূরণ করতে পারবে বেল’

গ্যারেথ বেলক্রিস্তিয়ানো রোনালদো চলে গেছেন জুভেন্টাসে। ঘুরেফিরে আসছে একটি প্রশ্ন, তার অভাব পূরণ করবে কে? ওয়েলসের কোচ রায়ান গিগসের বিশ্বাস, এই চ্যালেঞ্জে সফল হবেন গ্যারেথ বেল।

সাবেক কোচ জিনেদিন জিদানের অধীনে গত মৌসুমে শুরুর একাদশে নিয়মিত জায়গা পেতে ব্যর্থ হন বেল। এতে তার রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন ওঠে। কিন্তু রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ায় এখন ওয়েলস তারকাকে রিয়ালের প্রাণভোমরা মনে করা হচ্ছে। তার জাতীয় দলের কোচ গিগসও মনে করেন তেমনই।

রোনালদো চলে গেলেও লা লিগায় দুই ম্যাচ শেষে শতভাগ সাফল্য ধরে রেখেছে রিয়াল। টানা দুই ম্যাচে একটি করে গোল করেছেন বেল। তার পারফরম্যান্স ভীষণ আত্মবিশ্বাসী করে তুলছে গিগসকে। ম্যানইউর সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘রোনালদোর মতো কেউ যখন চলে যায়, তখন সবসময় সবার নজর থাকে গোলে ও আক্রমণে কে তার জায়গা নিচ্ছে। এই শূন্যতা অপূরণীয়। কিন্তু এই ক্লাবে দীর্ঘ দিনের অভিজ্ঞতা আছে বেলের।’

রোনালদোর অভাব পূরণে ২৯ বছর বয়সী ফরোয়ার্ড দারুণ ভূমিকা রাখবেন বিশ্বাস গিগসের, ‘প্রত্যেক বছর তার ওপর চাপ থাকে এবং সে এটা সামলে নেয় চমৎকারভাবে। এই বছর ভিন্ন। কারণ রোনালদো চলে গেছে এবং অন্য খেলোয়াড়দের ওপর অনেক বেশি নজর থাকবে কে তার জায়গা নিচ্ছে। কিন্তু বড় ম্যাচে বেল তার যোগ্যতা দেখিয়েছে এবং যে কোনও চ্যালেঞ্জ সে মোকাবিলা করেছে।’ ইএসপিএনএফসি