পর্তুগাল দলে নেই রোনালদো

ronaldoরাশিয়া বিশ্বকাপের পর আবার মাঠে নামতে যাচ্ছে পর্তুগাল। যদিও নতুন শুরুতে পর্তুগিজ কোচ ফের্নান্দো সান্তোস বাইরে রেখেছেন তার দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে।

জুভেন্টাস উইঙ্গারকে বাইরে রেখে উয়েফা ন্যাশনস লিগের জন্য দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ। বিশ্বকাপের পর প্রথম ঘোষিত দলে রোনালদোর না থাকার কারণ অবশ্য জানাননি সান্তোস। ১০ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে ন্যাশনস লিগে মাঠে নামবে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল। উরুগুয়ের বিপক্ষে হারে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর পর্তুগিজ কোচ জানিয়েছিলেন, তিনি চাওয়া রোনালদো যেন চালিয়ে যান খেলা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে সান্তোস বলেছিলেন, ‘আমি খুব ভালো করেই জানি ফুটবলকে আরও অনেক কিছু দেওয়ার আছে ওর (রোনালদো)। সেপ্টেম্বরে ন্যাশনস লিগের খেলা আছে, আমরা আশা করছি ও আমাদের সঙ্গে থেকে সাহায্য করবে তরুণ খেলোয়াড়দের।’

বিশ্বকাপের পর রোনালদোর দলে থাকার প্রত্যাশা করলেও জুভেন্টাস ফরোয়ার্ডকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছেন সান্তোস।

রোনালদোবিহীন পর্তুগাল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গেদসন ফের্নান্দেস, সের্জিও অলিভেইরা, ক্লাউদিও রামোস ও পেদ্রো মেন্দিস।

পর্তুগাল দল: বেতো, ক্লাউদিও রামোস, রুই পাত্রিসিও; জোয়াও কানসেলো, রুবিন দিয়াস, রাফায়েল গেহেইরো, পেদ্রো মেন্দিস, লুইস নেতো, পেপে, মারিও রুই, সেদরিক সোয়ারেস; উইলিয়াম কারভালো, ব্রুনো ফের্নান্দেস, গেদসন ফের্নান্দেস, রুবিন নেভিস, সের্জিও অলিভেইরো, পিজ্জি, রেনাতো সানচেস; ব্রুমা, গনসালো গুদেস, রোনি লোপেস, জেসলন মারতিনস, আন্দ্রে সিলভা, বের্নারদো সিলভা।