লিগে শেষবার তারা প্রথম চার ম্যাচ জিতেছিল ১৯৯০-৯১ মৌসুমে, প্রিমিয়ার লিগ চালু হওয়ার দুই বছর আগে। ‘ফুটবল লিগ প্রথম বিভাগ’ ১৯৯২ সাল থেকে চালু হয় প্রিমিয়ার লিগ নামে। তারপর থেকে কখনও প্রথম চার ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া হয়নি লিভারপুলের। এবার নতুন কীর্তি গড়েছে তারা ২০১৬ সালের চ্যাম্পিয়নকে হারিয়ে।
কিং পাওয়ার স্টেডিয়ামে প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। কিন্তু তাদের গোলরক্ষকের ভুলে একটি গোল শোধ দিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় লিস্টার। যদিও আর স্কোর পাল্টায়নি। এতে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতির আগে লিগে শতভাগ সাফল্য ধরে রাখল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
টানা চতুর্থ ম্যাচে সাদিও মানে গোলমুখ খুলে এগিয়ে দেন লিভারপুলকে। অ্যান্ডি রবার্টসনের ছোড়া বলে ১০ মিনিটে বাঁ পায়ের ফ্লিকে গোল করেন সেনেগালের এই তারকা।
বিরতির ঠিক আগে রবের্তো ফিরমিনো ব্যবধান দ্বিগুণ করেন লক্ষ্যভেদী হেডে। জেমস মিলনার ব্রাজিলিয়ানকে গোল বানিয়ে দিয়ে ডেভিড বেকহ্যামের পাশে বসেন। প্রিমিয়ার লিগে ৮০তম অ্যাসিস্ট করেন তিনি। এতে লিগ ইতিহাসে সবচেয়ে বেশিবার গোল বানিয়ে দেওয়ার তালিকায় সাবেক ম্যানইউ তারকার সঙ্গে যুগ্মভাবে ৭ নম্বরে বসলেন মিলনার।
জয়ে শতভাগ সাফল্য ধরে রাখলেও গোলমুখ অক্ষত রাখতে পারেনি লিভারপুল। গোলরক্ষক আলিসন বেকারকে বোকা বানিয়ে একটি গোল শোধ দেন রাচিড গেজ্জাল। গোল ডটকম