বাংলাদেশের চূড়ান্ত সাফ দল ঘোষণা

40273302_10156687672384675_6971838545501618176_n৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সবার শেষ দল হিসেবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ। শনিবার রাতে ২০ জনের দল চূড়ান্ত করেছেন কোচ জেমি ডে। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ে দক্ষিণ এশীয় ফুটবল যুদ্ধে নামছেন ইংলিশ কোচ।

সাফ সামনে রেখে ৩ মাস আগে ৪৪ জনের প্রার্থমিক দল বাছাই করা হয়েছিল, সেটি আস্তে আস্তে ছোট করে আনা হয়েছে। মাঝে এশিয়ান গেমসও খেলেছেন তরুণ ফুটবলাররা। নীলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষে আরও তিনজন ক্যাম্পে যোগ দেন। সবার পারফরম্যান্স দেখে শেষ পর্যন্ত টিম হোটেলে সন্ধ্যার পর কোচ জেমি তার চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দিলেন।

এশিয়াডে খেলা একাদশ রেখে মূলত দল গড়া হয়েছে। দলে জায়গা পেয়েছেন আশরাফুল ইসলাম রানা, শহীদুল ইসলাম সোহেল, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, নাসির চৌধুরী, ওয়ালি ফয়সাল, ফয়সাল মাহমুদ, জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি, মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ বাবু, সোহেল রানা, রবিউল হাসান, সাদ উদ্দীন ও শাখাওয়াত রনি।

বাদ পড়া ১০ জন হলেন আব্দুল্লাহ, ফজলে রাব্বি, নাবীব নেওয়াজ জীবন, মাহফুজ হাসান প্রীতম, আনিসুর রহমান জিকো, মনজুরুর রহমান মানিক, রহমত মিয়া, মতিন মিয়া, জাফর ইকবাল ও জুয়েল রানা।

বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কোচ জেমি ডে খেলোয়াড়দের ডেকে তার চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দিয়েছেন। এই দলটি সিনিয়র-জুনিয়রদের সমন্বয়ে করা হয়েছে।’

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লড়বে ভূটানের বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল।