প্রায় দুই বছর পর আবার বাংলাদেশের সামনে ভুটান। আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া সাফ ফুটবলের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে দুই দল। স্ট্রাইকার চেনচো গেইলশেনের জোড়া গোলে ঘরের মাঠে ভুটান পেয়েছিল স্মরণীয় জয়। দেশের মানুষের কাছে রোনালদো নামে পরিচিত গেইলশেন আবার গোল করতে চান বাংলাদেশের বিপক্ষে, ‘দুই বছর আগের সাফল্য নিয়ে পড়ে থাকতে চাই না। আমার চোখ এখন সাফ ফুটবলের দিকে। টুর্নামেন্টে ভালো খেলতে চাই, প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আবার গোল করতে চাই। অবশ্য স্ট্রাইকার হিসেবে প্রত্যেক ম্যাচে গোল করাই আমার লক্ষ্য।’
‘ভুটানের রোনালদো’র কাছে ঢাকার মাঠ ভালোই চেনা। ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনীর জার্সিতে ৭ ম্যাচে ৫ গোল করেছিলেন তিনি। তাই বাংলাদেশের বিপক্ষে সাফল্য পেতে আত্মবিশ্বাসী গেইলশেন, ‘এখানে অনেকের সঙ্গে আমি খেলেছি। তাদের সম্পর্কে আমার ভালোই ধারণা।’
শুধু বাংলাদেশ নয়, ভারতের সেরা লিগে খেলারও সুযোগ পেয়েছেন তিনি। গত মৌসুমে মিনার্ভা পাঞ্জাবের আই-লিগ শিরোপা জয়ে তার অবদান ছিল ৭ গোল। বাংলাদেশকে তাই গেইলশেনের দিকে বাড়তি নজর রাখতেই হচ্ছে!