২০০২ সালে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল খেলে জাতীয় দলের ক্যাম্পে জায়গা পান ফয়সাল। বাফুফে একাদশের হয়ে সে বছরের শেষ দিকে ভুটানের একটি টুর্নামেন্টেও খেলেছিলেন। কিন্তু দেশে ফেরার পর অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের চূড়ান্ত দলে জায়গা হয়নি। সেজন্য আজও তার মনে আক্ষেপ। বাংলা ট্রিবিউনকে ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার বলেছেন, ‘‘তখন আমার অনেক কম বয়স ছিল। কোটান আমাকে ডেকে বললেন, ‘তোমার বয়স কম। যারা অভিজ্ঞ তাদের সুযোগ দেওয়া হচ্ছে। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যত, সামনে অনেক সুযোগ আসবে। তাই কষ্ট পাওয়ার কিছু নেই।’ কিন্তু তখন কোচের কথা শুনে এত কষ্ট পেয়েছিলাম যে ভাষায় প্রকাশ করতে পারবো না। মনটাই ভেঙে গিয়েছিল।”
ফয়সালের আক্ষেপ দূর হয়েছিল ২০০৮ সালে, শ্রীলঙ্কা-মালদ্বীপ যৌথ আয়োজনের সাফ ফুটবলে অংশ নিয়ে। এবার তিনি দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। ঘরের মাঠে খেলার সুযোগ পেয়ে তার কণ্ঠে উচ্ছ্বাস, ‘সাফ ফুটবলের দলে সুযোগ পেয়ে আমি খুব খুশি। দেশের মাঠে চ্যাম্পিয়ন হতে পারলে আনন্দের সীমা থাকবে না।’