‘আমরা একটু অন্যভাবে গোল উদযাপন করতে চেয়েছি’

জয়ের নায়ক তপু বর্মণকে কাঁধে নিয়ে উল্লাসগোলদাতা গুলি করার ভঙ্গি করছেন আর তার অদৃশ্য গুলিতে তিন সতীর্থ ধরাশায়ী! পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অভিনব গোল উদযাপন ভিন্ন মাত্রা এনে দিয়েছে সাফ ফুটবলে। তপু বর্মণ গোল করলেও এমন উদযাপনের পরিকল্পনা করেছেন ওয়ালি ফয়সাল।

বৃহস্পতিবার ম্যাচের ৮৫ মিনিটে গোল করে জার্সি খুলে দৌড় দিতে চেয়েছিলেন তপু। কিন্তু তাকে থামিয়ে কিছু একটা বলেন ওয়ালি। সতীর্থের কথা শুনেই অদৃশ্য ‘বন্দুক’ থেকে গুলি করার ভঙ্গি করেন পাকিস্তান বধের নায়ক। ‘কী পরিকল্পনা থেকে এমন উদযাপন করলেন?’ এমন প্রশ্নে ওয়ালি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের আলাদা কোনও পরিকল্পনা ছিল না। আমরা শুধু একটু অন্যভাবে গোল উদযাপন করতে চেয়েছি। আসলে গোল পেয়ে আমরা আত্মহারা হয়ে পড়েছিলাম।’

অনেকের ধারণা, প্রতিপক্ষ পাকিস্তান বলেই এমন উদযাপন করেছেন বাংলাদেশের ফুটবলাররা, সবাইকে মনে করিয়ে দিতে চেয়েছেন একাত্তরে পাক হানাদার বাহিনীর নির্মমতার কথা। দলের সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালি অবশ্য তা মানতে চাইলেন না, ‘আমরা এ ধরনের কথা চিন্তাই করিনি। পাকিস্তানের বিপক্ষে এমন উদযাপনের কারণে অনেকের মনে হয়তো অনেক কিছু আসছে। কিন্তু আমরা কোনও কিছু ভেবে এটা করিনি। আমরা শুধু একটু অন্য রকম উদযাপন করতে চেয়েছিলাম। পরের ম্যাচেও এমন উদযাপন করতে চাই। অতীতে যা-ই হোক, মাঠে সবাই আমাদের শত্রু।’

পাকিস্তান জয়ের নায়ক তপুও বললেন একই কথা, ‘ওয়ালি ভাইয়ের পরিকল্পনায় আমরা এভাবে গোল উদযাপন করেছি। আমাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল না।’