উয়েফা বর্ষসেরা পুরস্কার মদরিচের প্রাপ্য: রামোস

লুকা মদরিচটানা তৃতীয়বার উয়েফা বর্ষসেরার অ্যাওয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর হাতে ওঠেনি। তাকে পেছনে ফেলে প্রথমবার পুরস্কারটি জিতেছেন লুকা মদরিচ। রিয়াল মাদ্রিদের ক্রোয়েট তারকার এই সাফল্য আলোড়ন তুলেছে ফুটবল বিশ্বে। তার ক্লাব সতীর্থ সের্হিয়ো রামোস মনে করেন, যোগ্য খেলোয়াড় হিসেবে এই মর্যাদা পেয়েছেন মদরিচ।

মদরিচকে উয়েফা বর্ষসেরা ঘোষণার পর ইতালিতে বিতর্কের ঝড় উঠেছিল। রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস একে ‘অদ্ভুত ও লজ্জাজনক’ বলেছিলেন। কিন্তু রামোসের বিশ্বাস, ক্লাবের হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রোনালদোকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন মদরিচ।

তাছাড়া বিশ্বকাপের পারফরম্যান্সও মদরিচকে এই পুরস্কার জয়ে এগিয়ে রেখেছিল মনে করেন রিয়াল অধিনায়ক। টটেনহ্যামের সাবেক মিডফিল্ডার ক্রোয়েশিয়াকে প্রথমবার ফাইনালে নিতে দারুণ অবদান রাখেন। অন্যদিকে শেষ ষোলোতে উরুগুয়ের কাছে হেরে বিদায় নেয় রোনালদোর পর্তুগাল।

ডেইলি মেইলকে রামোস বলেছেন, ‘(মদরিচের মতো) কয়েকজন খেলোয়াড় আছে যাদের দলে পেয়ে আমি গর্বিত। সে দারুণ বন্ধু এবং সেরা খেলোয়াড়। সে এমন একজন, যার পুরস্কার পাওয়ায় আমি এত খুশি হয়েছি যেন আমাকেই সেটা দেওয়া হলো।’

সাবেক সতীর্থ ও জুভেন্টাস স্ট্রাইকার রোনালদোকে বাদ দিয়ে মদরিচকে পুরস্কার দেওয়াটা যথার্থ হয়নি দাবি অনেকের। এমনটা মানেন না রামোস, স্প্যানিশ ডিফেন্ডারের ব্যাখ্যা, ‘হয়তো কোনও খেলোয়াড় আছে যাদের বাণিজ্যিকরণ অনেক বেশি, অনেক বড় নাম তাদের। কিন্তু এই পুরস্কার মদরিচের প্রাপ্য।’ গোল ডটকম