নাপোলির বিপক্ষে সিরি এ’র গত ম্যাচে ৩-১ গোলের জয়ে সবগুলোতেই অবদান ছিল রোনালদোর। ইতালিতে এসেও সাবেক শিষ্যের এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন নাপোলির কোচ কার্লো আনচেলত্তি। তাকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ।
দুর্দান্ত ফর্মে ফিরলেও ইয়ং বয়েসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচে থাকতে পারছেন না রোনালদো। এমন সময় তাকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা। বেন্তানকারের মতে মারিও মানজুকিচ ও পাউলো দিবালার আক্রমণভাগ রোনালদোর শূন্যতা পূরণ করতে পারবে।
জুভেন্টাসের এই মিডফিল্ডার বলেছেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদো থাকবে না। আমরা জানি সে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। কিন্তু এটা দলীয় খেলা। মাঠে থাকবে ১১ জন, যারা তাদের সর্বোচ্চটা দিতে মাঠে নামবে।’
টানা দুটি জয়ে নিশ্চিন্তে থাকতে চান বেন্তানকার, ‘আমরা ইয়ং বয়েসের বিপক্ষে জিততে চাই যাতে চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে এক পা দিয়ে রাখতে পারি। কিন্তু আমরা জানি এটা কঠিন হবে, কারণ যারা আমাদের বিপক্ষে খেলে তাদের সবাই সেরাটা দেয়।’
‘এইচ’ গ্রুপের তৃতীয় ম্যাচে সাবেক ক্লাব ম্যানইউর বিপক্ষে দেখা যাবে রোনালদোকে।