চ্যাম্পিয়নস লিগের শুরুতেই পিএসজিকে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। গতবারের রানার্স-আপ লিভারপুলের বিপক্ষে এই পরীক্ষায় উতরাতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা। ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফর্ম করলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় ভুগতে হচ্ছে এখনও। অ্যানফিল্ডে ৩-২ গোলের হারের ম্যাচে নেইমারকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। বল পায়ে সংগ্রাম করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সম্পর্কে পিএসজি কোচ থোমাস টুখেল বলেছিলেন, ‘সেরা নেইমারকে এখনও পাওয়া যায়নি।’
সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড কোচের সঙ্গে একমত। বুধবার ঘরের মাঠে চলতি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে নামার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। যেখানে নিজের পারফরম্যান্স নিয়ে নেইমারের বক্তব্য, ‘কোচের সঙ্গে আমি একমত। আমি এখনও আমার সেরা জায়গায় যেতে পারিনি। আসলে মৌসুমের শুরুতে কেউই সেরা জায়গায় থাকে না।’
কখন সেরা জায়গায় থাকা যায়, সেটাও জানালেন তিনি পরের কথায়, ‘সর্বোচ্চ পর্যায়ে থাকা যায় ফেব্রুয়ারি থেকে মার্চে, যখন সেরা খেলাগুলো আসে। আমরা প্রত্যেকটি অনুশীলন পর্ব ও ম্যাচে উন্নতি করছি। আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি ম্যাচের প্রত্যেকটি মুহূর্তের দিকে। আমরা পিএসজিকে দুর্দান্ত একটি দল হিসেবে তৈরি করতে চাই।’
টুখেল কোচ হওয়ার পর চলতি মৌসুমে ‘নাম্বার টেন’-এর ভূমিকায় দেখা যাচ্ছে নেইমারকে। নতুন এই পজিশন উপভোগও করছেন ব্রাজিলিয়ান অধিনায়ক, ‘এটা একেবারে আলাদা। এখানে খেলাটা আমার পছন্দ। এখান থেকে আমি খেলাটা খুব ভালো করে বুঝতে পারছি এবং সতীর্থদের সাহায্য করতে পারছি।’ উদাহরণ হিসেবে সাবেক সতীর্থ মেসিকে টেনে বললেন, ‘বার্সেলোনায় অনেকটা মেসির মতো। এখানে আমার কাঠামোটা একটু আলাদা। তবে আমি আমার খেলায় সন্তুষ্ট।’ গোল ডটকম