বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে ফিলিপাইন

ফিলিপাইনের একটি গোল উদযাপনবঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ফিলিপাইন। বুধবার ফিলিপাইনের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাওস।

আগামী শুক্রবার ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ফিলিপাইনের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে লাওসকে।

সিলেট জেলা স্টেডিয়ামে চার গোলের তিনটিই এসেছে পেনাল্টি থেকে। তবে প্রথম গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে দর্শকদের। বিরতির ঠিক আগে বেডিচের পেনাল্টি গোলে এগিয়ে যায় ফিলিপাইন।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরাতে পারতো লাওস।  কিন্তু সোকচিন্দারের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ৫২ মিনিটে আবার ফিলিপাইনের গোল। গায়োসোর হেডে দ্বিগুণ হয়ে যায় ব্যবধান।

৮২ মিনিটে ফিলিপাইন ৩-০ গোলে এগিয়ে যায়। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক বাহাদোরান মিসাঘ।

৮৮ মিনিটে ফিতহাকের সফল পেনাল্টি থেকে ব্যবধান কমায় লাওস। শেষ মুহূর্তে তাদের কিয়েঙ্গথাভেসাকের প্রচেষ্টা ফিরে আসে সাইডবারে লেগে।