তাজিকিস্তানকে হারিয়ে ফিলিস্তিনের শুরু

ফিলিস্তিন-তাজিকিস্তান ম্যাচের একটি মুহূর্তবঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ‍ফুটবলে শুভসূচনা করেছে ফিলিস্তিন। বৃহ্স্পতিবার তারা ২-০ গোলে হারিয়েছে তাজিকিস্তানকে।

সিলেট জেলা স্টেডিয়ামে দুই অর্ধে ২ গোল করেছে ফিলিস্তিন। প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। ওদেই দাব্বাগের মাইনাস থেকে জোনাথন জোরিল্লা প্লেসিং করে দলকে এগিয়ে নেন। ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

৫২ মিনিটে ওদেই দাব্বাগেও পেয়ে যাচ্ছিলেন গোল। কিন্তু তার জোরালো শট ফিলিস্তিন গোলরক্ষক ধরে ফেলেন। বিপরীতে গোল শোধে মরিয়া তাজিকিস্তান বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। ৬৫ মিনিটে রহিমভের ক্রসে এরগাসেভ ও অমিরভের কেউই হেড নিতে পারেননি।

গোল শোধ তো দূরে থাক, উল্টো ১০ মিনিট পর আরও এক গোল হজম করে তাজিকিস্তান। শাদি শাবানের কর্নার থেকে অধিনায়ক আব্দুল্লাহ লতিফ আলবাহদরি হেডে লক্ষ্যভেদ করেন।

গ্রুপের শেষ ম্যাচে শনিবার ফিলিস্তিন ও নেপাল মুখোমুখি হবে। এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে কোন দুটি দল সেমিফাইনালে যাবে। ৩ পয়েন্ট করে পেয়েছে ফিলিস্তিন ও তাজিকিস্তান, যেখানে নেপালের পয়েন্ট শূন্য।