ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের বিপক্ষে একটি টেস্ট বাঁচিয়ে দিয়েছিলেন চেস। সেই ভারতের বিপক্ষে দলের বিপদে আরেকবার দাঁড়িয়ে গেলেন এই ব্যাটসম্যান। চমৎকার ব্যাটিংয়ে দিন শেষে তিনি অপরাজিত আছেন ৯৮ রানে। তার সঙ্গে চোট কাটিয়ে ফেরা অধিনায়ক জেসন হোল্ডার দাঁড়িয়ে গেলে পথে ফেরে ক্যারিবিয়ানরা। সপ্তম উইকেটে তাদের ১০৪ রানের কার্যকরী জুটি ভারতের মাটিতে চার টেস্ট পর প্রথমবার আড়াই শ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম টেস্ট তিন দিনে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩২ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়ে ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার কিয়েরন পাওয়েল। খানিক পর ফিরে যান আরেক ওপেনার ক্রেইগ ব্র্যাথয়েটও। আগের ম্যাচে আলো ছড়ানো কুলদীপ যাদবের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন তিনি ১৪ রান করে।
শাই হোপ অবশ্য দাঁড়িয়ে গিয়েছিলেন। বেশ ভালোমতোই এগিয়ে নিচ্ছিলেন দলকে। কিন্তু উমেশ যাদবের বলটা ঠিক বুঝে উঠতে পারলেন না, ৩৬ রান করে ফিরলেন এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে। শিমরন হেটমায়ার আবারও ব্যর্থ, কুলদীপের দ্বিতীয় শিকার হয়ে আউট হয়ে যান ১২ রানে। সুনিল অ্যাম্ব্রিসকেও (১৮) বেশিদূর যেতে দেননি ভারতীয় এই স্পিনার।
রোস্টন চেসকে ভালোই সঙ্গ দিয়েছেন শেন ডওরিচ। ধৈর্যশীল ব্যাটিংয়ে তারা বাড়িয়ে নেন দলের তার। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি ডওরিচ। উমেশ যাদবের বলে ৩০ রানে থামেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক।
এরপরই শুরু চেস-হোল্ডারের প্রতিরোধ। চমৎকার ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের মোকাবিলা করেছেন তারা। সপ্তম উইকেট জুটিতে ১০৪ রানের জুটি গড়ার পথে দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। যদিও শেষ বিকেলে অধিনায়ক হোল্ডার ভুল করে বসেন। উমেশের লেগ স্টাম্পের বাইরে পড়া বাউন্সারটা শুধু শুধু খেলতে গিয়ে উইকেটরক্ষক ঋষভ পন্থের গ্ল্যাভসে আটকা পড়েন তিনি। আউট হওয়ার আগে হোল্ডার ৯২ বলে খেলে যান ৫২ রানের কার্যকরী ইনিংস।
হোল্ডার আউট হলেও চেস দিনের খেলা শেষ করেই ছেড়েছেন মাঠ। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেতে মাত্র ২ রান দূরে তিনি। হার না মানা ৯৮ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৭ চার ও ১ ছক্কায়। তার সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ২ রানে অপরাজিত থাকা দেবেন্দ্র বিশু।
প্রথম দিনে ভারতের সবচেয়ে সফল বোলার উমেশ যাদব ও কুলদীপ যাদব। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। বাকি উইকেটটি পেয়েছেন অশ্বিন। ক্রিকইনফো