২০১৮ বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে গোলের পর গোল পেয়েছেন জেসুস। প্রীতি ম্যাচেও ছড়িয়েছেন আলো। কিন্তু ফুটবল মহাযজ্ঞে তিনি ছিলেন নিজের ছায়ায় বন্দি। গোল তো পানইনি, উল্টো সহজ সুযোগ নষ্ট করে সমালোচনার মুখে পড়েছেন। বিশ্বকাপ শেষে প্রথমবার মাঠে নেমেই গোলখরা কাটিয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার।
১০ জনের সৌদি আরবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। জেসুসের গোলেই এগিয়ে গিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যানসিটি ফরোয়ার্ডের লক্ষ্যভেদে নেইমার এতটাই খুশি যে, নিজে পাঁচ গোল পেলেও এতটা তৃপ্তি পেতেন না। সৌদি আরবের বিপক্ষে জেতার পর ব্রাজিলিয়ান অধিনায়ক প্রশংসায় ভাসিয়েছেন ২১ বছর বয়সী সতীর্থকে, ‘গাব্রিয়েল জেসুসকে অ্যাসিস্ট করতে পেরে আমি ভীষণ খুশি। আমার মনে হয় জাতীয় দল জন্য ও যা করেছে, তাতে ওকে সমালোচনা করাটা অন্যায় হয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে তারা (সমালোচকরা) অবিচার করেছে জেসুসের প্রতি।’ সঙ্গে যোগ করলেন, ‘ওর একবার লক্ষ্যভেদে আমি যে সুখ পেয়েছি, নিজে পাঁচ গোল পেলেও সেটা পেতাম না।’
ব্রাজিল জিতলেও পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট নন নেইমার, ‘আমরা দুর্দান্ত কোনও পারফরম্যান্স দেখাতে পারিনি, তবে ধারাবাহিকতা ছিল। বিশ্বকাপে এমন অনেক ম্যাচ হয়েছে, যেখানে ভালো ফুটবল না খেলেও অনেক দল জয় নিয়ে মাঠ ছেড়েছে।’ গোল ডটকম