শুরুটা ভালো হলো না বাংলাদেশের মেয়েদের

দক্ষিণ কোরিয়ার একটি আক্রমণ ঠেকানোর চেষ্টা বাংলাদেশেরতাজিকিস্তানে শুরুতেই পরাস্ত বাংলাদেশ। মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি লাল-সবুজ দল। বুধবার ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা হেরে গেছে ৭-০ গোলে।

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। অষ্টম মিনিটে এগিয়ে যাওয়া কোরিয়ানদের জয় নিতে ভাবতে হয়নি। ১৭ ও ২১ মিনিটে আরও দুবার লক্ষ্যভেদ করা দক্ষিণ কোরিয়া ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের ডিফেন্সে প্রতিপক্ষের আক্রমণ অব্যাহত থাকে। আক্রমণের ঢেউ তুলে ৬৮, ৭০, ৮০ মিনিট এবং ইনজুরি সময়ে আরও চারটি গোল করেছে কোরিয়ানরা। শেষ গোলটি ছিল পেনাল্টি থেকে।

২৬ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ চাইনিজ তাইপে। ২৮ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে মৌসুমী-মারিয়াদের লড়াই স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে।

এটা বাছাই পর্বের প্রথম রাউন্ড। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্স-আপ দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় রাউন্ডের সেরা চার দল খেলবে মূল পর্বে। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় মূল পর্বে সরাসরি অংশ নেবে গত আসরের চ্যাম্পিয়ন জাপান, রানার্স-আপ উত্তর কোরিয়া, তৃতীয় চীন এবং স্বাগতিক থাইল্যান্ড।