ফুটবলার নাসিরকে বাফুফের আল্টিমেটাম

নাসিরউদ্দীন চৌধুরীফুটবল মৌসুম শুরুর হওয়ার ঠিক আগে নাসিরউদ্দীন চৌধুরীকে নিয়ে ঝামেলায় ঢাকা আবাহনী। জনপ্রিয় দলটির অভিযোগ, তাদের কাছ থেকে তিন লাখ টাকা অগ্রিম নিয়ে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন এই ডিফেন্ডার। আবাহনীর অভিযোগের ভিত্তিতে নাসিরকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্লেয়ার স্ট্যাটাস কমিটি।

আগামী তিন দিনের মধ্যে আবাহনীর সঙ্গে বিষয়টি নিয়ে সমঝোতা করতে বলা হয়েছে নাসিরকে। সমঝোতা না হলে বাফুফের বাইলজের ২৬.৮ ধারা অনুযায়ী এক বছরের জন্য সাসপেন্ড হবেন তিনি।

গত মৌসুমে আবাহনীর ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ জয়ে বড় ভূমিকা ছিল নাসিরের। এবার তিনি ৫০ লাখ টাকায় যোগ দিয়েছেন নবাগত বসুন্ধরা কিংসে।

নাসিরের বিষয়ে কয়েক দিন আগে আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘নাসির আমাদের কাছ থেকে অগ্রিম পারিশ্রমিক নিয়েছিল। কিন্তু কী মনে করে সে আবাহনী ছেড়ে দিয়েছে, চুক্তি ভঙ্গ করেছে। নাসির এখনও আমাদের খেলোয়াড়। বিষয়টি নিয়ে আমরা বাফুফের কাছে যাবো।’

আবাহনীর ম্যানেজারের অভিযোগের পর নাসিরের জবাব ছিল, ‘আমি ব্যক্তিগত কারণে আবাহনী ছেড়েছি। এখন আবাহনী আমাকে তাদের খেলোয়াড় দাবি করলে আমার কিছু করার নেই। এটা তাদের ব্যাপার। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু এটা জানি, এবার বসুন্ধরা কিংসের হয়ে খেলবো।’

দেখা যাক, বাফুফের আল্টিমেটামের পর দুই পক্ষের মধ্যে সমঝোতা হয় কিনা!