গত চার ম্যাচের তিনটিতে হেরেছে রিয়াল। চাপ মাথায় নিয়ে প্রথমবার ন্যু ক্যাম্পে যাবেন কোচ হুলেন লোপেতেগি। তাতে রিয়ালের বিপক্ষে সাফল্য নিশ্চিত মানতে পারছেন না বার্সা কোচ।
ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে তৃতীয় গ্রুপ ম্যাচ জয়ের পর ভালভারদে বলেছেন, ‘রিয়াল আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। তারা আমাদের মোকাবিলা করতে আসবে। সঙ্কটের মধ্যে থাকলেও তারা তাদের শক্তিমত্তা দেখাতে চাইবে, কারণ তাদের সেরা খেলোয়াড়রা আছে।’
ইন্টারের বিপক্ষে ২-০ গোলের জয়ে দলকে আত্মতৃপ্তিতে ভুগতে মানা করলেন স্প্যানিশ কোচ, ‘আমরা আজকের (বুধবার) দিনটা অবশ্যই ভুলে যাব। এসব পরিস্থিতির ওপর আস্থা রাখি না আমি।’
চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি, এল ক্লাসিকোতেও থাকবেন না। তার অনুপস্থিতিতে দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাফিনিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া দলের পারফরম্যান্স মুগ্ধ করেছে ভালভারদেকে, ‘আমরা মেসিকে ছাড়া ভালোই খেলেছি। তাকে ছাড়া কেমন পারফরম্যান্স হয় সেটা নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল। আমরা সবসময় দলগত খেলি। কিন্তু এটা সত্যি মেসির ছোঁয়া আমাদের অসাধারণ করে তোলে।’ গোল ডটকম